গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের লালনের মাধ্যমে আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের মেধার স্বীকৃতি প্রদান করা হয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। দেশ ও জাতি তাদের দিকে তাকিয়ে আছে। তিনি শনিবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ জামেয়া মিলনায়তনে প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুস শাকুরের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ। দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ হোসেন মাহিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমীর সুপারভাইজার রীমা দাস, পরিচালনা কমিটির সদস্য সৈয়দ নাসির উদ্দিন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, অভিভাবকদের মধ্যে আলী আহমদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, শাহেদ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী আহবাব শাহিন চৌধুরী, দশম শ্রেণীর শিক্ষার্থী আছফারুর রহমান চৌধুরী প্রমুখ। মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র তামিম হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৫ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।