মাধবপুরে ‘ডেভিল’ আখ্যা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

মাধবপুরে ‘ডেভিল’ আখ্যা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘ডেভিল’ আখ্যা দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রভাবশালী পরিচয় ব্যবহার করে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা না দিলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি ও তথ্য জুড়ে দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে চাপ সৃষ্টি করেও হয়রানি করা হচ্ছে বলে জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন,
“আমাদের কাছেও বিভিন্ন পক্ষ এসে চাপ সৃষ্টি করে। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করা হয় যে কে নির্দোষ আর কে দোষী—তা যাচাই করাই কঠিন হয়ে পড়ে।”
স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি থানাকেন্দ্রিক দালালি কার্যক্রমের সঙ্গেও জড়িত। তারা ‘মুখে ধরে না, মুখে ছাড়ে’—এমন কৌশল অবলম্বন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একজন সচেতন নাগরিক বলেন,
“আইনের নাম ভাঙিয়ে যদি কেউ সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে, তাহলে সেটা সমাজের জন্য ভয়ংকর। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ ভয় ও হয়রানি থেকে মুক্তি পায়

এই সংবাদটি 191 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ