গুরুতর নির্যাতনের শিকার মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

গুরুতর নির্যাতনের শিকার মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন মাধবপুর মডেল প্রেসক্লাব—যা ২০২২ সাল থেকে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করে আসছে—বর্তমানে চরম নির্যাতন, অবহেলা ও বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে। একের পর এক হামলা, মিথ্যা মামলা এবং প্রশাসনিক হয়রানির কারণে ক্লাবটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
ক্লাবটির বর্তমান সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আজিজুর রহমান জয় বর্তমানে কারাবন্দি রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক ফারাস উদ্দিন (দৈনিক স্বাধীন সংবাদ ও হবিগঞ্জের বানী প্রতিনিধি)–কে মাধবপুর থানা পুলিশ রাতভর থানায় আটকে রেখে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সাংবাদিক মুজাহিদ মুসি-কে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠেছে।
ক্লাবটির সহ-সভাপতি ফোরকান উদ্দিন রোমান (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন, মাধবপুর প্রতিনিধি)–এর বিরুদ্ধে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার অপচেষ্টার অভিযোগ রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে।
একই সঙ্গে উপজেলার বিভিন্ন মোড়কেন্দ্রিক প্রেসক্লাবের সাংবাদিকরাও চরম নির্যাতন, অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানা গেছে। বারবার লিখিত অভিযোগ, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, একটি নির্দিষ্ট মতাদর্শের সাংবাদিকদের বাদ দিয়ে অন্যদের কোনো সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। অথচ মাধবপুর মডেল প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিকই জুলাই আন্দোলনে বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করেছিলেন, যা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত।
বর্তমানে মাধবপুরের কলমযোদ্ধারা এক গভীর সংকটকাল অতিক্রম করছেন। এমন পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের অবসান, মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় হবিগঞ্জ–৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রোমান বলেন,
“সাংবাদিকরা যদি এভাবে হামলা-মামলা ও বৈষম্যের শিকার হন, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কী—তা সহজেই অনুমেয়। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করছি।”
স্থানীয় সাংবাদিক সমাজের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই সংবাদটি 106 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ