কাপড়ের দোকান থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

কাপড়ের দোকান থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের একটি দোকান থেকে ৬ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় কিবরিয়া মার্কেটের রিয়াদ গার্মেন্টস এন্ড শাড়ীঘরে একটি কাপড়ের ব্যাগ থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করেন, কেউ মহাজনকে ফাঁসানোর জন্য ক্রেতা সেজে গুলিগুলো রেখে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা নিন্দা জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে চুনারুঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন ও এসআই ওমর ফারুক গোপন সংবাদের ভিত্তিতে কিবরিয়া মার্কেটের রিয়াদ শাড়ীঘরে এসে কিছু একটি খুঁজতে থাকেন। এক পর্যায়ে দোকানের সামনের একটি কাঠের বক্সের কাছ থেকে একটি সাদা ব্যাগে একটি শিশুদের জামা ও ছোট একটি পুতলা দেখতে পান। তারা পুতলাটি খুলে তার মধ্যে ৬ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি দেখতে পান। ওসি (তদন্ত) ইকবাল হোসেন গুলিগুলো জব্দ করে জামাসহ নিয়ে যান।
এ বিষয়ে ব্যবসায়ী আক্কাছ আহমেদ জানান, সকালে দোকান খোলার পরপরই একজন কাস্টমার এসে ৪শ’ টাকা দিয়ে শিশুদের একটি জামা ক্রয় করে। ব্যবসায়ী তখন একটি ব্যাগে করে জামাটি ক্রেতার কাছে দিলে সে তার হাতে ৩শ’ টাকা দিয়ে ১শ’ টাকা সে বিকাশ থেকে উঠিয়ে এনে দেওয়ার শর্তে কাপড়ের ব্যাগটি রেখে চলে যায়। এর কিছু সময় পরই দোকানে পুলিশ এসে তল্লাশী করে ওই কাপড়ের ব্যাগে গুলির পুতলাটি পায়। ঘটনাটি চুনারুঘাট পৌর শহরে জানাজানি হলে ছুটে আসেন ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াসহ অনেকেই। ব্যবসায়ীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এই সংবাদটি 978 বার পঠিত হয়েছে