কমলগঞ্জে ট্রেনের গার্ড আহত হওয়ার ঘটনায় দু’জন আটক

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে ষ্টেশনের অদূরে দুর্বৃত্তের ছোড়া পাথরে চলন্ত অবস্থায় মালবহনকালী ট্রেনের গার্ড আহত হওয়ার ঘটনায় রেলওয়ে পুলিশ সন্দেহ মূলকভাবে দুইজনকে আটক করেছে। রোববার রাত ১০টা ৩৭ মিনিটে এ ঘটনা ঘটলে সোমবার রাত আটটায় শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ সরেজমিন তদন্তকালে সন্দহমূলকভাবে দু’জনকে আটক করেছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সার বহনের জন্য একটি খালি ট্রেন সিলেটে যাওয়ার পথে শমশেরনগর স্টেশনে প্রবেশের আগে সুজা মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা পাথর ছোড়ে মারে। এতে ট্রেনের পরিচালক আব্দুল কাইয়ূম (২৫)-এর কপালের একটি অংশ ছিদ্র হয়ে প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে। ট্রেনটি শমশেরনগর অতিক্রম করে বিমান বন্দর এলাকায় গেলে পরিচালকের সাথে থাকা নিরাপত্তাকর্মী মোবাইল ফোনে ট্রেনের চালককে অবহিত করে ট্রেনটি থামায়। পরে চালক উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শমশেরনগর স্টেশনের ২ নম্বর লাইনে রেখে চালককে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আবস্থা খারাপ থাকায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রেনের পরিচালক গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিন তদন্ত শুরু করে। রেলওয়ে কর্মচারী ও এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হয়। রাত আটটায় শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলভূমিতে ক্যারাম বোর্ড খেলারত অবস্থায়  সিজিলি মিয়া (১৯) ও উজ্জল মিয়া (১৮) নামের দুইজনকে আটক করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী সন্দেহমূলকভাবে সিজিল মিয়া ও উজ্জল মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ পাথর নিক্ষেপ ঘটনায় একটি মামলা করে আটককৃতদের ও আসামীভুক্ত করা হয়েছে। মঙ্গলবার আটক দুজনকেই মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, রেলওয়ে পুলিশের সার্কেল অফিসের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামীর রিমান্ড প্রার্থনা করা হবে।

 

এই সংবাদটি 406 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ