রাজনগরে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার: ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

রাজনগরে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার: ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগরে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। আহত ওই ছাত্রীকে মৌলভীবাজার হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার সকালে তুরন মিয়া (৩৫) নামের ওই ধর্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে ধর্ষকের বিচার চেয়ে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ দূরে পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর করে বসবাস করছে মৃত হানিফ উল্লাহর ছেলে তুরন মিয়া (৩৫)। তার মূল বাড়ি উসমানীনগর উপজেলার মুক্তারপুর গ্রামে। বুধবার দুপুর দেড়টার বিরতির সময় ৪র্থ শ্রেণির এক ছাত্রী (৮) বিদ্যালয়ের নিকটবর্তী গ্রামে বাড়ি ফেরার পথে পানি উন্নয়ন বোর্ডের সড়ক দিয়ে যাওয়ায় পথে তুরন মিয়া শিশুটির মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য সে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন ও হুমকি দেয়। আহত শিশুটি বাড়িতে গিয়ে তার মা কে বিষয়টি জানায়। ঘটনা জেনে তিনি ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে আসেন।
প্রধান শিক্ষক মতিউর রহমান বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও শিক্ষা অফিসারকে জানান। পরে শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও স্থানীয় লোকজন ধর্ষক তুরন মিয়াকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে বৈঠকে বসেন। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্থুতি চলছে। ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 1026 বার পঠিত হয়েছে