ব্যাংককে পাক-ভারত উচ্চ পর্যায়ের বৈঠক

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫

ব্যাংককে পাক-ভারত উচ্চ পর্যায়ের বৈঠক

স্থগিত হবার চার মাস পর পাকিস্তান ও ভারতের মধ্যেকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ ভেন্যু থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অকপট, আন্তরিক ও গঠনমূলক হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। বৈঠকের ভেন্যু হিসেবে ব্যাংকককে পছন্দ করবার কারণ হিসেবে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, দুই পক্ষেরই যাতায়াতের সুবিধার্থেই এই জায়গাটি নির্বাচন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও গত বছর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দুদেশের মধ্যেকার সম্পর্ক তারপর থেকে খারাপের দিকেই গেছে শুধু।

এই সময়ের মধ্যে বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে দুপক্ষের মধ্যে বিস্তর গুলি বিনিময় হয়েছে এবং দুপক্ষেরই বহু মানুষ মারা গেছে। ভারত এর আগে বলেছিল, যদি কোনও আলোচনা হয় তবে তা হবে তাদের ভাষায় সন্ত্রাসবাদ প্রসঙ্গেই।

কিন্তু রবিবারের বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুদেশের নিরাপত্তা উপদেষ্টারা কাশ্মীর, শান্তি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেছে।

প্যারিসে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে গিয়ে মি. মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশ্য গত সপ্তাহেই একটি অনির্ধারিত বৈঠক করেছেন। আর আফগানিস্তান নিয়ে একটি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজেরও পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে আজই (সোমবার)।

এই সংবাদটি 1209 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ