লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশী

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশী

লন্ডনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকসহ চার বাংলাদেশী। চলতি বছরের প্রভাবশালী ব্যক্তিদের এ তালিকা করেছে লন্ডনের জনপ্রিয় পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ড।

অন্য তিনজন হলেন বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশী ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাধারণ সম্পাদক হারুন খান। প্রতি বছর বিভিন্ন সেক্টরের প্রভাবশালীদের নিয়ে ১ হাজার জনের তালিকা প্রকাশ করে ইভিনিং স্ট্যান্ডার্ড। পত্রিকাটি ৩২ ক্যাটাগরিতে প্রভাবশালী ব্যক্তিদের নির্বাচিত করে। প্রিন্স চার্লসের উপস্থিতিতে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশ করা হয়।

তালিকায় রাজনীতিভিত্তিক ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং এমপি রুশনারা আলী। নৃত্য ক্যাটাগরিতে আকরাম খান এবং ফেইথ লিডার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন হারুন খান। শহরের সায়েন্স মিউজিয়ামে জমকালো অনুষ্ঠানে ‘দ্য প্রোগ্রেস ওয়ান থাইজেন্ড’ শিরোনামে দশমবারের মতো লন্ডনের হাজার প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে ইভিনিং স্ট্যান্ডার্ড। এ বছর তালিকার শীর্ষে রয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান, তাকে লন্ডনের অব দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়াও ওই তালিকায় রয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে ও পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তি। তালিকার ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে রাখার ব্যাপারে বলা হয়েছে, টিউলিপ আত্মপ্রচারবিমুখ। এ ব্যাপারে ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, টিউলিপ যখন বিরোধে জড়িয়ে পড়েন তখনই তার সেরাটা চেনা যায়। প্রভাবশালীদের তালিকায় জায়গা পাওয়ার খবরটি জানতে পেরে হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ সিদ্দিক ফেসবুক পোস্টে লেখেন, লন্ডনের এক হাজার প্রভাবশালী ব্যক্তির তালিকায় ইভিনিং স্ট্যান্ডার্ড আমাকে অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছে।

সিরীয় উদ্বাস্তুদের ব্রিটিশ সরকারের সহায়তা দেয়ার ব্যাপারে টিউলিপের সরব উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে পত্রিকাটি। এছাড়াও গর্ভবতী থাকার সময় হাউস অব কমন্সের বিতর্ক চলাকালে টিউলিপ খাবার গ্রহণ করতে গিয়ে হাউসের নিয়ম ভাঙলে ডেপুটি স্পিকার তাকে বলেন, টিউলিপ প্রেগন্যান্সি কার্ড ব্যবহার করে হাউস অব কমন্সের নিয়ম ভেঙেছেন। পরে টিউলিপ সিদ্দিক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, একজন নারী হিসেবে ডেপুটি স্পিকারের জানা উচিত ছিল কখন একজন গর্ভবতী মায়ের খাবার গ্রহণের প্রয়োজন হয়।

এই সংবাদটি 895 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ