সৌদী বাদশাহর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

সৌদী বাদশাহর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা

আরটিএনএন : সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল রোববার জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদী বাদশার আস-সালাম প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে সৌদি সহযোগিতা বৃদ্ধি এবং হজ্ব ব্যবস্থাপনা প্রভৃতি বিষয় নিয়ে সৌদি বাদশার সঙ্গে আলোচনা হয়েছে।

সৌদী ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান : জেদ্দা থেকে বাসস জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার মাধ্যমে কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনার প্রচেষ্টায় শরিক হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হওয়ার লক্ষ্য পূরণে আমি সৌদি ব্যবসায়ী এবং উদ্যোক্তা নেতৃবৃন্দকে আমাদের দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমরা কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনতে পারব।’

প্রধানমন্ত্রী এখানে সকালে জেদ্দা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্টির (জেসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের ভাষনে এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।

এই সংবাদটি 1089 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ