ঢাকা |
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৬
রোজাদারকে আল্লাহ জাল্লাশানুহু এত উচ্চমর্যাদা দান করবেন যে, হজরত সাহ্ল ইব্ন সা’দ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) ইরশাদ করেন, জান্নাতে আটটি দরজা রয়েছে, তার একটির নাম রায়্যান। সেই দরজা দিয়ে কেবল রোজাদারগণই প্রবেশ করবেন।
এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, রায়্যান দরজা দিয়ে রোজাদার জান্নাতে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। আর কোনো জান্নাতি এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না।
রোজাদারের জন্য দুটি সময় আনন্দের। রাসূল (সা.) ইরশাদ করেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। প্রথম আনন্দ হল ইফতারের সময় এবং দ্বিতীয় আনন্দ তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময়’। মোটকথা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যই হল আল্লাহ জাল্লাশানুহুর দিদার। অসহায় বান্দা যখন তার মাবুদের সাক্ষাৎ লাভ করবেন, তখন তার আনন্দ হবে বর্ণনাতীত। আল্লাহ আমাদের সবাইকে তাঁর দিদার নসিব করুন। আমিন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, যে ইমানের সঙ্গে ও সাওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে তার আগের সব (সগিরা) গুনাহ মাফ হয়ে যাবে এবং ঈমানের সঙ্গে ও সাওয়াবের নিয়তে রমজানের রাতে ইবাদতে কাটাবে তার আগের সব গুনাহ মাফ করা হবে। আর যে ইমানের সঙ্গে ও সাওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদতে কাটাবে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে।
প্রকৃত কথা এই যে, রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, আর আল্লাহ জাল্লাশানুহুর দরবারে নিজেকে সমর্পণ করে এমন মিনতি করে দোয়া করতে হবে- যেন তিনি দুনিয়ার জিন্দেগিতে আমাদের কামিয়াবী দান করেন এবং আখিরাতের অনাদি অনন্তকালের জিন্দেগিতে তাঁর রহমতের ছায়ায় স্থান দেন।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, রমজানে প্রতিদিন ও প্রতিরাতে আল্লাহপাক জাহান্নামের বহু কয়েদিকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতিদিন ও প্রতিরাতে মুসলমানের অন্তত একটি দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। তাই প্রতিদিন যদি অন্তত আমাদের একটি করে দোয়া কবুল করা হয়, তা হলে আমাদের অবশ্যই ইবাদতের আমল ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার দোয়ার কাজকে সর্বদা জারি রাখতে হবে। মুহাদ্দিসীনে কিরাম বলেন, রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কেননা ইফতারের সময়ের দোয়া কবুলের বিষয়টি হাদিস থেকে প্রমাণিত।
বলা হয়েছে যে, রোজা পালন করা আল্লাহর প্রতি গভীর মহব্বতের অন্যতম নিদর্শন। কেননা কারও প্রতি মহব্বত জন্মালে, তাকে লাভ করার জন্য প্রয়োজনে প্রেমিক পানাহার বর্জন করে এবং সবকিছু ভুলে যায়, তেমনিভাবে রোজাদার ব্যক্তিও আল্লাহর মহব্বতের দিওয়ানা হয়ে ভোগ-বিলাস পরিহার করে মাগফিরাত লাভের প্রত্যাশায় উন্মুখ হয়ে থাকে (আলমগীরী, ১ম খণ্ড, পৃ. ২০২)। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত দান করুন। আমিন।
লেখক : অধ্যক্ষ, সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।