চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলাটি বিচারের জন্য সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ মামলা বিচারের জন্য  দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো সংক্রান্ত গঠিত জেলা প্রশাসনের কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মামলার স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম।
সূত্র জানায়, ৪ শিশু হত্যা মামলাটি বর্তমানে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। নানা আইনী জটিলতায় বার বার চার্জশীট গ্রহণ পেছানো, আদালত নির্ধারণ নিয়ে জটিলতা এবং সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে। গত ২৬ সেপ্টেম্বর মামলার সাক্ষীগ্রহণের নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি মামলার সাক্ষীরা। ফলে বিচারক মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৯ অক্টোবর। মামলার বাদীপক্ষ তাদের পিপির প্রতি আস্থাহীন হয়ে সুনির্দিষ্টভাবে ওই মামলার জন্য স্পেশাল পিপি নিয়োগের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। বাদীর এই আবেদন নিয়ে মামলাটি অনিশ্চয়তার মধ্যে পড়ে।
অভিযোগ অস্বীকার করে স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম জানান, স্পর্শকাতর এ মামলা পরিচালনায় তার আন্তরিকতার কোন ঘাটতি নেই। বাদীর আস্থাহীনতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। তিনি জানান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী তাকে জানিয়েছেন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আজ মামলার নির্ধারিত তারিখে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গ্রাম্য পঞ্চায়েতের বিরোধের জের চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিঁখোজ হয় একই পরিবাভূক্ত ৪ শিশু জাকারিয়া শুভ, মোঃ তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিউরে উঠে গোটা দেশ। দায়িত্বশীলদের অনেকেই দ্রুততম সময়ের মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনার বিচার সম্পন্ন করার আশ্বাস দেন। তদন্ত শেষে ৪ এপ্রিল আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন। ঘাতক বাচ্চু মিয়া র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। গ্রেফতার হয় ৫ জন। তাদের মধ্যে ৪ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আর পলাতক রয়েছেন ৩ জন। বিভিন্ন ধাপ পেরিয়ে গত ৭ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এই সংবাদটি 637 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ