ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের একজনের পরিচয় প্রকাশ

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫

ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের একজনের পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বারনাদিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলার ঘটনায় সন্দেহভাজন জড়িত একজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম সৈয়দ ফারুক।

 

এর আগে পুলিশ জানিয়েছিল, অভিযানে দুই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের কাছে রাইফেল ও হ্যান্ডগান ছিল। এ ছাড়া তাদের পোশাক ছিল সামরিক কায়দার।

 

স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার সান বারনাদিনোর একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১৪ জন নিহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর পোশাকের মতো পোশাক পরে কয়েকজন ওই সেবাকেন্দ্রে প্রবেশ করে বেপরোয়া গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে হতবিহ্বল হয়ে কিছু লোক ভবনের কক্ষগুলোতে ঢুকে ভেতর থেকে দরজায় তালা দিয়ে বাঁচার চেষ্টা করেন। এ ঘটনায় এক সন্দেহাভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে ওই সময় জানিয়েছিল পুলিশ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানায়নি।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিরাপত্তা বাহিনীর সূত্রে জানিয়েছে, পুলিশের অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে। এদের একজন পুরুষ ও অপরজন নারী। পুরুষ হামলাকারীর নাম সৈয়দ ফারুক । সরকারি রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, সে সান বারনাদিনো শহরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করত।

 

এদিকে ফারুকের শ্যালক জানিয়েছেন, কী কারণে তার দুলাভাই এ হামলা চালিয়েছে, তা বোধগম্য নয়। তিনি বলেন, ‘সে কেন এ ধরনের কাজ করল, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি মানসিকভাবে বিধ্বস্ত।’

 

এই সংবাদটি 873 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ