ক্যামেরা ও ফটো সাংবাদিকতার ইতিহাস

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

ক্যামেরা ও ফটো  সাংবাদিকতার ইতিহাস
মাহবুবুর রহমান চৌধুরী :আলোকচিত্রীর পরিচয় সংকট বাংলাদেশের মতো জায়গায় খুবই স্বাভাবিক একটি বিষয়। এখানে যে কেউ একটা ক্যামেরা গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয়ে সিক্ত হয়ে যায়! বর্তমানে ডিএসএলআর ক্যামেরা সহজলভ্য হওয়ায় চারদিকে ফটোসাংবাদিকের ট্রাফিক জ্যাম! কিন্তু যে ক্যামেরাম্যানটি (?) সাংবাদিকতায় যুক্ত, তিনি পরিচিতি পেতে চান সাংবাদিক হিসেবে। সংবাদপত্রের জন্য পেশাদার আলোকচিত্রীরা আজ ফটোসাংবাদিক হিসেবে স্বীকৃত তবে এখনও অনেকে ফটোসাংবাদিককে ‘ক্যামেরাম্যান’ বলে আত্মতৃপ্তি পান। একজন দক্ষ আলোকচিত্রী বা ফটোগ্রাফার সবসময় একজন ভালো ফটোসাংবাদিক না-ও হতে পারেন। ফটোসাংবাদিক হতে গেলে দক্ষতা ও জ্ঞানের একটি নির্দিষ্ট মাত্রা আয়ত্ত করতে হবে যা নিবিড় প্রশিক্ষণ ও অধ্যায়নের ফলে তৈরী হয়। প্রতি মুহুর্তে নিজেকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে হয়।একজন ফটোসাংবাদিক কি ধরনের ছবি তোলেন? উত্তর হবে যা সাধারন মানুষের চোখে ধরা পড়েনা তাই ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। সংবাদপত্রের ইতিহাস সম্পর্কে অনেকে জানলেও অনেকের মনে সংবাদপত্রে ছবি বা আলোকচিত্র ব্যবহারের ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। আলোকচিত্র সংবাদচিত্র, আলোকচিত্রী বা ফটোসাংবাদিকতার ইতিহাস সম্পর্কে জানাতে প্রখ্যাত আলোকচিত্রী, শিক্ষক ও লেখক আজীজুর রহীমের ‘ছবি আলোর ভাষা’ অবলম্বনে প্রতিবেদনটি তৈরী করেছেন মাহবুবুর রহমান চৌধুরী । ক্যামেরা ও ফটোসাংবাদিকতার ইতিহাস জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে আলোকচিত্র তৈরীর মাধ্যম বা ক্যামেরা তৈরীর ইতিহাস সম্পর্কে। আলোকচিত্র বা ছবি সৃষ্টির ইতিহাস: সূর্যের আলো পৃথিবীর বুকে যেদিন প্রথম পড়েছিল সেদিন সৃষ্টি হয়েছিলো আলো- ছায়ার। আগুন সৃষ্টির মাধ্যমে আদিম মানুষ আগুনের আলোকে ব্যবহার করে ছায়া তৈরীর মাধ্যমে উদ্ভাবন করেছিলো অস্থায়ী আলোকচিত্র। আলোকচিত্রের ইতিহাস খুঁজতে গিয়ে ইতিহাসবিদরা একটি চিঠি উদ্ধার করলেন। চিঠিটি হেনরী ফক্স ট্যাবট লিখেছিলেন তাঁর বন্ধু স্যার জন হার্শেলকে। চিঠিতে ‘Photograph’ শব্দটি লেখা ছিলো বলে আলোকচিত্র আবিষ্কারের সময়কালটির সঙ্গে যোগসূত্র খুঁজে পেলেন গবেষকরা। উল্লেখিত দুজনেই আলোকচিত্রের আবিষ্কার নিয়ে গবেষনা করছিলেন ঐ সময়। তাই ইতিহাসের পাতায় স্থান করে নিলো চিঠিটি। সূর্যের আলো ব্যবহার করে নক্ষত্র দর্শন বা ছবি আঁকার প্রয়োজনে ১১ শতকে পিনহোল ক্যামেরা আবিষ্কৃত হয়। বিখ্যাত আলোকচিত্রী রবি দত্ত’র ফটোগ্রাফি- অভিধান বলছে, ‘১০৩৯ সালে আরবের আলোক বিজ্ঞানী ইবনে-আল-হাইতাম এর লেখা থেকে জানা যায় তাঁর সময়েরও আগে থেকেই আরবে পিনহোল ক্যামেরার প্রচলন ছিল যার নাম Camera Obscura বা অন্ধকার ঘর।’ ক্যামেরা আবিষ্কারের প্রথম দিকে এটি ছিল বিশাল দেহী এক যন্ত্র। ১৬২০ সাল চলে যায় ক্যামেরা বহনযোগ্য আকারে আনতে। প্রকৃতপক্ষে পিনহোলই ছিলো আলোকচিত্র আবিষ্কারের সূতিকাগার। বস্তু থেকে প্রতিফলিত আলো পিনহোলের ভেতরের অন্ধকার দেয়ালে ফেলে প্রতিচ্ছবি সৃষ্টি করা হতো। সে ছবি দেখে তাক লেগে যেতো মানুষ। আর এভাবেই গড়ে উঠলো আলোকচিত্রের এক নতুন যোগাযোগ। Camera Obscura এর পরবর্তী প্রজন্মের ক্যামেরার নাম হয় Camera Lucida বা Light Chamber. ১৮০৭ সালে উইলিয়াম হাইদে ওলাস্টন ক্যামেরাকে বহনযোগ্য আকার দেন। কিন্তু সূর্য ডুবে গেলে ভেলকিও শেষ তাই শুরু হলো ছবিকে স্থায়ী রূপ দেওয়ার নিরন্তর চেষ্টা এবং একসময় তা সম্ভব হলো। ১৮২৬ মতান্তরে ১৮২৭ সালে আলোকচিত্র সৃষ্টির দুটো ধর্ম-দৃক বিজ্ঞান ও রসায়নের সমন্বয় ঘটালেন Joseph Nicephore Niepce, তিনিই প্রথম ক্যামেরা দিয়ে প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেন এবং সেটি তুলতে সময় লেগেছিলো প্রায় ৮ঘন্টা। এই ছবি তুলতে প্রখর রোদ প্রয়োজন ছিলো বলে তিনি এর নাম দিলেন Heliograph বা রৌদ্রাঙ্কন। ১৮২৯ সালে Joseph Nicephore Niepce ও দৃশ্যাঙ্কন শিল্পী Louis Jacques Mande Daguerre যৌথভাবে আলোকচিত্রের জন্য কাজ শুরু করেন। ছবি পরিস্ফুটনে Joseph Nicephore Niepce এর পদ্ধতিটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ। ছবি স্থায়ী করার সময়সাশ্রয়ী এবং কার্যকর একটি পদ্ধতি আবিষ্কার করেন Louis Jacques Mande Daguerre এবং এটি Daguerretype নামে পরিচিতি পায়। ১৮৩৯ সালের ১৯ আগষ্ট ফ্রান্সের প্যারিসে সায়েন্স একাডেমীতে Louis odakcques Mande Daguerre কর্তৃক দাগ্যেরোটাইপ (Daguerretype) পদ্ধতির ঘোষনার মাধ্যমে আলোকচিত্র আবিষ্কারের প্রচলিত সময়কাল নির্ধারিত হলো ১৮৩৯ সাল। এই সময়ে সারা পৃথিবীতে শুরু হয়ে গেলো আলোকচিত্রকে ঘিরে উন্মাদনা সেই সাথে ব্যাপক পরিচিতি পেলো দ্যাগ্যেরোটাইপ। ১৮৫০ সাল নাগাদ কেবল নিউইয়র্ক শহরেই গড়ে উঠলো প্রায় সত্তরটির মতো স্টুডিও!
.
মাহবুবুর রহমান চৌধুরী
সাবেক সাধারন সম্পাদক: গোলাপগঞ্জ প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক : সাপ্তাহিক সিলেটের ত্যথ
সভাপতি: গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি
আগামীকাল পড়ুন ২য় র্পব

এই সংবাদটি 3513 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ