অপপ্রচার করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: এডভোকেট এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

অপপ্রচার করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সিলেট ব্যুরো:
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, অপপ্রচার ও ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় আটকানো যাবে না। বিএনপি সব ধরনের অপচেষ্টা মোকাবেলা করে গণতান্ত্রিক পথ সুগম করছে।

রবিবার বিকেলে বিয়ানীবাজার প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাকে প্রার্থী ঘোষণার পর একটি চক্র নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব নিয়ে আমি মোটেও বিচলিত নই। উন্নয়ন বরাদ্দের নামে কেউ কেউ অতিরঞ্জিত কথা বলছে, এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।”

তিনি দাবি করেন, “চন্দরপুর-সুনামপুর সেতুর ৯০ শতাংশ কাজ আমার উদ্যোগেই সম্পন্ন হয়েছে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেই প্রকল্পটি অনুমোদন করাই। এছাড়া শেওলা-সিলেট ফোরলেন সড়কের কাজ দ্রুত শুরু করতে আমি জোরালো দাবি জানিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসক বাতিল হওয়া প্রকল্পটি পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছেন। কিন্তু এসব নিয়ে আমি প্রচারবাজি করি না।”

মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল।

অতিরিক্ত বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “বিয়ানীবাজার-গোলাপগঞ্জের কোন এলাকায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন—তা আমার হাতের তালুর মতো জানা। ধানের শীষ বিজয়ী হলে এই অঞ্চলে টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “পতিত আওয়ামী লীগের সময়ে উন্নয়নের নামে এ অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ভুয়া প্রতিশ্রুতি দিয়ে আবেগ নিয়ে খেলা হয়েছে।”

সভার শুরুতে তিনি নিজের শিক্ষা, রাজনৈতিক অঙ্গনে পথচলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী এখনো অভিমানের কারণে মাঠে নামেননি, তারা দ্রুতই ধানের শীষের পক্ষে কাজ শুরু করবেন।”

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকার সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা কামরুজ্জামান, শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুবদলের আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ছাত্রদল নেতা এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি 129 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ