মাদকবিরোধী অভিযানে বড়লেখায় ২ জনের জেল, জরিমানা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

মাদকবিরোধী অভিযানে বড়লেখায় ২ জনের জেল, জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ইয়াবা ও গাঁজাসহ আরও ২ জনকে আটক করে নিয়মিত মামলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ বড়খলা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ইয়াবা সেবনের দায়ে আটক ২ জনের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়। পরে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই অভিযানে আরও ২ জনকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দকৃত মাদকদ্রব্যসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের কাছে সোপর্দ করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,

> “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত বড়লেখা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

এই সংবাদটি 330 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ