স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক এমএ রব-এর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক এমএ রব-এর মৃত্যুবার্ষিকী আজ

মহান স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অবঃ) এমএ রব (বীরউত্তম) এর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

১৯৭৫ সালের এ দিনে ৫৬ বছর বয়সে তিনি রক্তশূন্যতা জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

তাকে জেলা শহরের খোয়াই নদীর তীরে উমেদনগর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

দিনটি পালন উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চীফ অব স্টাফ এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে’র প্রথম অবৈতনিক ব্যবস্থাপনা পরিচালক।

স্বাধীনতা যুদ্ধের এ মহান সৈনিক হবিগঞ্জ জেলার কৃতি সন্তান। চিরকুমার এ স্বাধীনতা সংগ্রামী ১৯১৯ সালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৩৯ সালে সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভ করে তৎকালীন বৃটিশ-ভারত সেনাবাহিনীতে যোগদান করেন।

১৯৪৪ সালে সেনাবাহিনীতে কমিশন লাভের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বার্মা, মালয়, সুমাত্রা, জাভা এবং পরবর্তীতে ১৯৬৫ সালে কাশ্মীর সীমান্তে যুদ্ধ ও প্রতিরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করেন।

পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট কর্ণেল পদে থাকাকালে ১৯৭০ সালে অবসর গ্রহনের পর রাজনীতিতে যোগ দেন।

একই বছর তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলে প্রতিরোধ সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৭১ সালের এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে নিযুক্ত হন এবং প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

যুদ্ধের শেষ পর্যায়ে জেনারেল ওসমানীর হেলিকপ্টার লক্ষ্য করে মেশিনগানের গুলি বর্ষিত হলে তার সঙ্গী মেজর জেনারেল এমএ রব গুরুতর আহত হন।

চরম বিপজ্জনক পরিস্থিতি ও বিপত্তির মুখে দায়িত্ব পালনে অসাধারণ শৌর্য্যবির্যের জন্য মুক্তিযুদ্ধের পর সরকার তাকে ‘বীরউত্তম’ খেতাব দেয়া হয়।

১৯৭২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে বহাল ছিলেন।

অবসর গ্রহণ তালিকা সংশোধনের পর তাকে অবৈতনিক মেজর জেনারেল পদ মর্যাদা দেয়া হয়

এই সংবাদটি 649 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ