সিলেট বিভাগীয় কার্যালয়ে সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সিলেট বিভাগীয় কার্যালয়ে সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার অভিযোগ, হাসপাতালে ভর্তি

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পেশাগত কাজে গিয়ে এক সাংবাদিক মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কার্যালয়ের নাজির শহীদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ আনেন দৈনিক ‘বিজনেস ফাইল’-এর সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায়। আহত ওই সাংবাদিক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক বিদ্যা রত্ন রায়ের অভিযোগ অনুযায়ী, বুধবার দুপুরে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনারের শুভেচ্ছা বাণী নেওয়ার অনুরোধ জানাতে কার্যালয়ে যান। বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত না থাকায় তিনি ফিরে আসছিলেন। এ সময় কার্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান কথা বলার কথা বলে তাকে নাজির শহীদুল ইসলামের কক্ষে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, নাজির শহীদুল ইসলাম কক্ষে প্রবেশ করেই উত্তেজিত হয়ে তাকে বের হয়ে যেতে বলেন। দীর্ঘদিনের পরিচিত হওয়া সত্ত্বেও এমন আচরণের কারণ জানতে চাইলে অফিস সহায়ক মিজানুর রহমান আরও কয়েকজন কর্মচারীকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে দেন। এরপর তারা জোরপূর্বক তার মোবাইল ফোন, জরুরি কাগজপত্র ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেন এবং তার প্রেস আইডি কার্ডটি ভেঙে ফেলেন।

বিদ্যা রত্ন রায় আরও অভিযোগ করেন, কক্ষের ভেতর তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এ সময় নাজির শহীদুল ইসলাম শরীরে আঘাতের চিহ্ন না রেখে নির্যাতন চালানোর নির্দেশ দেন এবং ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন ওই কার্যালয়ে আসার সাহস না পায়, সে হুমকি দেন। একপর্যায়ে এক কর্মচারী তার স্পর্শকাতর স্থানে আঘাত করেন এবং সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি দেন বলেও তিনি দাবি করেন।

পরবর্তীতে তার চিৎকারে দরজা খুলে দেওয়া হলে তিনি সেখান থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ডিআইজি কার্যালয়ে বিষয়টি জানাতে যান। তবে ডিআইজি উপস্থিত না থাকায় তিনি পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ফিরে নেজারত শাখার সিনিয়র সহকারী কমিশনার লিটন চন্দ্র দের কাছে পুরো ঘটনাটি জানান।

সিনিয়র সহকারী কমিশনার বিষয়টি শুনে ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এবং তাৎক্ষণিকভাবে নাজির শহীদুল ইসলামকে ডেকে সাংবাদিকের মালামাল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনারের উপস্থিতিতে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হলেও ছিনিয়ে নেওয়া টাকা ও জরুরি কাগজপত্র ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় বিদ্যা রত্ন রায়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি 1 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ