‎র‍্যাবের অভিযানে মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

‎র‍্যাবের অভিযানে মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়া (২১) কে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহৃত ভিকটিমও উদ্ধার করা হয়েছে।
‎
‎র‍্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১০ ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার বকশীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নয়ন মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
‎
‎গ্রেফতারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।
‎
‎মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত।
‎
‎বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
‎
‎র‍্যাব জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি 89 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ