বড়লেখায় সাইফুরকে শ্বাসরোধে হত্যা : ময়নাতদন্ত প্রতিবেদন

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

বড়লেখায় সাইফুরকে শ্বাসরোধে হত্যা : ময়নাতদন্ত প্রতিবেদন

বড়লেখায় নিহত কলেজছাত্র মো. সাইফুর রহমানের (২৭) ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। সাইফুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাদের নিজ বাড়িতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু হোসেন (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেন (২০)।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ শিক্ষার্থী মো. সাইফুর রহমানকে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজকে আদালতে সোপর্দ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে আবেদন করা হবে।

তিনি জানান, সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল (সোমবার) আমরা হাতে পেয়েছি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সাইফুরের ছোট ভাই থানায় মামলা করেছেন।

গত ৩১ জুলাই বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেঝেতে শোয়ানো অবস্থায় সাইফুরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাফুরের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইফুরের স্বজনরা। নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

এই সংবাদটি 923 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ