বড়লেখায় তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে আহত 

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

সংবাদদাতা:
বড়লেখায় গত ২৮শে মে (রবিবার) রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারের পোষা সন্ত্রাসীরা মিছবাউল হক নামে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবকের অবস্থা গুরুত্বর হওয়ায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে মধ্যডিমাই গ্রামের বেনু মিয়ার ছেলে। এ ঘটনার জের ধরে এলাকায় থমথমে বিরাজ করছে এবং যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
হাসপাতাল, প্রত্যক্ষদর্শী সহ একাধিক সূত্র জানায়, বড়লেখা সদর ইউপির ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিনের আত্মীয় কামরুল গংদের সাথে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে মধ্যডিমাই গ্রামের বেনু মিয়ার ছেলে মিছবাউল হক (৩০) এর সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে তারাবির নামাজ থেকে মেম্বারের লোকজন মিছবাউলকে ধরে মসজিদের পাশের ব্রিজের নিচে নিয়ে পায়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আহত মিছবাউর হকের বাবা বেনু মিয়া অভিযোগ করেন, বিদ্যুতের খুটি নিয়ে উক্ত ঘটনার জের ধরে সিরাজ মেম্বারের পোষা সন্ত্রাসীরা খুন করার উদ্দেশ্যে তার ছেলের উপর হামলা চালিয়েছে।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমানের পক্ষে এসআই অমিতাভ দাস তালুকদার জানান, বিষয়টি থানা পুলিশের জানা নেই। কেউ থানায় অভিযোগও করেনি।
ইউপি মেম্বার সিরাজ উদ্দিন জানান, ছেলেটি খুবই উশৃঙ্খল ও বেয়দব। গ্রামের মুরব্বিদের সাথে খারাপ আচার-আচরণ করায় প্রত্যক্ষদর্শীরা তাকে মারধর করেছে। এতে তার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

এই সংবাদটি 480 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ