ঢাকা |
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
স্টাফ রিপোর্টার: অবশেষে মৌলভীবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ হচ্ছে। একই সাথে আগে সরকারিকরণের তালিকায় যুক্ত হওয়া নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ তালিকা থেকে বাদ পড়ছে। আর সরকারিকরণের তালিকায় একটি কলেজ যুক্ত হওয়ায় যেমন একপক্ষে বইছে আনন্দবন্যা অপরপক্ষে তেমনি বইছে নীরব অশ্রুবন্যা। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বড়লেখা ও জুড়ী আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরিত চিঠিতে বড়লেখা ডিগ্রি কলেজকে সরকারিকরণের তালিকাভুক্ত করার বিষয়ে সরকারপ্রধান সম্মতি প্রকাশ করেছেন। মঙ্গলবার বড়লেখা ডিগ্রি কলেজকে সরকারিকরণ হচ্ছে এমন খবর আসায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
কলেজের পক্ষ থেকে সহ-অধ্যাপক মো: নিয়াজ উদ্দীন জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বড়লেখা ও জুড়ী উপজেলার গণমানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে বড়লেখার সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানাচ্ছি বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণে আমাদের নানা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বড়লেখার সর্বস্তরের মানুষের আন্দোলনের প্রেক্ষিতে ১৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকণের তালিকায় যুক্ত করতে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই কলেজটি তালিকা থেকে বাদ পড়ায় রীতিমতো বিষ্মিত হন সরকার প্রধান। বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণের চিঠিতে প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তরে তা প্রেরণ করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে কলেজ সরকারিকরণের বিষয়টি। কলেজ কর্তৃপক্ষ অবশ্য এখনও এ বিষয়ে কোনো চিঠি পাননি। তবে মন্ত্রণালয়ের ডিজি’র মাধ্যমে চিঠি শীঘ্রই কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এদিকে বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণের তালিকায় যুক্ত হলে সঙ্গত কারণেই বাদ পড়বে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ। কেননা প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে। বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ার খবরে আনন্দে ভাসছে উপজেলাবাসী। অপরদিকে সরকারিকরণের তালিকা থেকে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের নাম বাদ পড়ায় এ কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন মহলে নীরব বেদনার অশ্রু ঝরছে। তবে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের কেউ-ই বিষয়টি নিয়ে কোনো ধরণের মন্তব্য করতে চাইছেন না।
উল্লেখ্য, বড়লেখা ডিগ্রি কলেজটি সরকারিকরণ না হওয়ায় গত ১৮ জুলাই দুপুরে সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবির মানুষের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় বড়লেখা-চান্দগ্রাম ও বড়লেখা-শাহবাজপুর প্রধান সড়কের উভয়পাশে সর্ববৃহৎ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ চাই’ এবং অন্যান্য দাবি সম্বলিত একাধিক প্লেকার্ড প্রদর্শন করে।কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সহ-অধ্যাপক মো: নিয়াজ উদ্দীনের উপস্থাপনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর কাউন্সিলর তাজ উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক জায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরানুল ইসলাম। মানববন্ধনে সর্বস্তরের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন।
সূত্র জানায়, গত ৫ জুলাই সারাদেশের ৩২৫টি কলেজ জাতীয়করণের ঘোষণা আসে। এর মধ্যে সিলেট বিভাগের ২১টি কলেজ জাতীয়করণ হওয়ার বিষয়টি জানা যায়। তন্মধ্যে প্রথম ধাপে ১৯৯টি কলেজ জাতীয়করণের অনুমোদন দিয়েছেন প্রধামন্ত্রী। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা থাকা সত্ত্বেও বড়লেখা ডিগ্রি কলেজকে সরকারিকরণের তালিকাভুক্ত না করায় শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সূত্র আরও জানায়, ১৯৮৬ সালের ১০ জুলাই বড়লেখা উপজেলায় সর্বপ্রথম এই কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। বিভিন্ন সময়ে বড়লেখা ডিগ্রি কলেজটিকে সরকারিকরণের দাবি উত্থাপিত হয়। কিন্তু বড়লেখাবাসীর দাবির বাস্তবায়ন হয়নি।
২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারি সফরে যান। বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে জাতীয়করণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের ৩১ জুলাই সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন সম্পন্ন করেন পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান ও উপ-পরিচালক (কলেজ-১) আবু সুলতান মো: একে সাব্রী। পরিদর্শন প্রতিবেদন সূত্র জানায়, ৩ একর ৬২ শতাংশ ভূমির ওপর স্থাপিত বড়লেখা ডিগ্রি কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯৯০ সালের ১ মার্চ স্নাতক (পাস) পর্যায়ে এবং ১৯৯১ সালের ১ মার্চ এমপিওভুক্ত হয়। সরকারিকরণের সব ধরণের অবকাঠামো এখানে বিদ্যমান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।