নবীগঞ্জে গ্যাস বিক্রিতে অনিয়ম ৭০ হাজার টাকা জরিমানা ‎

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

নবীগঞ্জে গ্যাস বিক্রিতে অনিয়ম ৭০ হাজার টাকা জরিমানা ‎


‎স্বপন রবি দাশ,

হবিগঞ্জ প্রতিনিধি:

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপি গ্যাসের সরকারি নির্ধারিত মূল্য ১,৩০৬ টাকা হলেও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জালাল এনার্জি পয়েন্ট (প্রোঃ জামাল চৌধুরী) অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য খুচরা বিক্রেতাদের ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

‎উপজেলা প্রশাসন নবীগঞ্জবাসীকে এলপি গ্যাস কেনার সময় অবশ্যই মেমো সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। কেউ মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবগত করতে বলা হয়েছে।

‎এই অভিযানে আইন হিসেবে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা প্রয়োগ করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, বাজারে এলপি গ্যাসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও অভিযান চলবে।

এই সংবাদটি 121 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ