দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৭

দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ

এম এ সাইদ (তন্ময়) :
আলু আমাদের অন্যতম প্রধান সবজি। প্রতি বছর গড়ে ৯০ লাখ থেকে ১ কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়। কিন্তু এ পরিমাণ আলু হিমাগারে সংরক্ষণ করা সম্ভব হয় না। দেশীয় পদ্ধতিতে আলু ৩-৪ মাস ভালো ভাবে সংরক্ষণ করা যায় এবং এরপর বিক্রি করলে বেশি লাভবান হওয়া যায়। তবে মনে রাখতে হবে দেশীয় পদ্ধতিতে সংরক্ষিত আলু শুধু খাবার আলু হিসেবেই ব্যবহার করা যাবে। কৃষক পর্যায়ে আলু সংরক্ষণ করতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিয়মগুলো হলো-
 পরিপক্ব আলু মেঘলা বা বৃষ্টির দিনে না তুলে রৌদ্্েরাজ্জ্বল সকালের দিকে তুলতে হবে;
 আলু তোলার ৭ থেকে ১০ দিন আগে আলু গাছের গোড়া কেটে রাখতে হবে;
 আলু তোলার সময় যাতে কোদাল বা লাঙলের আঘাতে কোনো ক্ষত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং চটের বস্তায় আলু ভরার সময় বাঁশের ঝুড়ির পরিবর্তে প্লাস্টিকের ঝুঁড়ি বা গামলা ব্যবহার করতে হবে;
 আলু সংগ্রহ শেষে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে যেতে হবে। যদি কোনো কারণে আলু ক্ষেতে রাখতে হয় তখন ছায়াযুক্ত জায়গায় বিছিয়ে পাতলা কাপড়-খড় কচুরিপানা দিয়ে ঢেকে রাখতে হবে;
 বাড়িতে এনে আলু ১-৭দিন পরিষ্কার ঠান্ডা জায়গায় বিছিয়ে রেখে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আলু রাখার সময় অল্প উঁচু থেকে আস্তে করে ঢালতে হবে;
 আলু সংরক্ষণ করার আগে কাটা, ফাটা, সবুজ, রোগাক্রান্ত পঁচা আলু ফেলে দিয়ে আকার অনুযায়ী বড়, মাঝারি ও ছোট হিসেবে বাছাই করতে হবে;
 বাছাই করা আলু ঠান্ডা ও বাতাসযুক্ত ঘরে মেঝে থেকে ৪ থেকে ৬ ইঞ্চি উঁচুতে মাচা করে তাতে ১০ থেকে ১২ ইঞ্চি পুরু করে সংরক্ষণ করতে হবে। এক মাচা থেকে আরেক মাচার দুরত্ব ২.৫ থেকে ৩ ফুট রাখতে হবে এবং সবার ওপরের মাচাটি ছাদ থেকে ৩ থেকে ৫ফুট নিচে থাকলে ভালো হয়;
 নির্বাচিত ঘরটিতে যদি আগের বছর আলু রাখা হয়ে থাকে তবে তা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এরপর কীটনাশক ছিটিয়ে পোকামুক্ত করে নিতে হবে যাতে আগের বছরের কোনো পোকা সংরক্ষিত আলুতে আক্রমণ না করতে পারে;
 যেভাবেই সংরক্ষণ করা হোক না কেন সংরক্ষিত আলু ২০ থেকে ২৫ দিন পর পর নিয়মিত বাছাই করতে হবে। রোগাক্রান্ত, পোকা লাগা ও পচা আলু দেখামাত্র সংগ্রহ করে দূরে ফেলে দিতে হবে;
 খাবারের উদ্দেশ্যে সংরক্ষিত আলুতে কীটনাশক ব্যবহার না করে নিম বা বিষকাটালি বা ল্যান্টানার গুকনা পাতা ওপরে বিছিয়ে দিতে হবে;
 যেসব এলাকায় টিউবার মথ বা সুতলি পোকার আক্রমণ আছে সেখানে গুদাম ঘরের জানালায় অবশ্যই চিকন তারের জালি দিতে হবে। তাছাড়া আলুর স্তুপ মশারি দিয়ে ঢেকে রাখা যেতে পারে;

এই সংবাদটি 1582 বার পঠিত হয়েছে