ঢাকা |
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থেকে নাইজেল লংয়ের নাম প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।
ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে নাইজেল লংয়ের বিতর্কিত এক সিদ্ধান্তের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের দুই টেস্টই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন নাইজেল লং।
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন বিতর্কিত সিদ্ধান্তটি দেন ওই ম্যাচের তৃতীয় আম্পায়ার নাইজেল লং। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২০২ রানের জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া তখন ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে। ওই সময় নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের একটি বলে সুইপ করতে গিয়ে নাথান লায়ন ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে।
মাঠের আম্পায়ার সুন্দরম রবি আউট না দেওয়ায় রিভিউ নেয় নিউজিল্যান্ড। তৃতীয় আম্পায়ার নাইজেল লং রিপ্লে দেখেন প্রায় সাড়ে ৫ মিনিট ধরে। হট স্পটে বল লায়নের ব্যাট ছুঁয়ে যাওয়ার প্রমাণও মেলে। তারপরও লায়নকে আউট দেননি তৃতীয় আম্পায়ার নাইজেল লং। ‘জীবন’ পাওয়া লায়ন পরে পিটার নেভিলকে নিয়ে যোগ করেন আরো ৭২ রান। কম রানের ম্যাচে পরে যেটি ভাগ্যনির্ধারক হয়ে যায়।
নাইজেল লংয়ের ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম হয়নি। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, কোচ মাইক হেসন ও রস টেলর এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আইসিসিকে চিঠিও দিয়েছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। তার জবাবে ভুলও স্বীকার করে নেয় আইসিসি। আর ওই ভুল সিদ্ধান্ত টেস্টটির ফলাফলে প্রভাব বিস্তার করে বলেও জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিতর্ক এড়াতে এবার তাই শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থেকে নাইজেল লংকে সরিয়ে নিল আইসিসি। তবে রিচার্ড কেটলবোরা ও পল রেইফেলের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নাইজেল লং। দ্বিতীয় টেস্টে নাইজেল লংয়ের জায়গায় তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন কেটলবোরা।
কেন্টের সাবেক অলরাউন্ডার নাইজেল লং ২০০৬ সালে ইসিবির আম্পায়ারদের প্যানেলে যোগ দেন। ২০১২ সালের জুনে তিনি বিলি ডক্টরেভের পরিবর্তে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যোগ দেন। এখন পর্যন্ত ৩৩টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৪৬ বছর বয়সি আম্পায়ার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।