আইনী দায়িত্ব রক্ষায় থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে- বিয়ানীবাজার থানার নবাগত ওসি

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

আইনী দায়িত্ব রক্ষায় থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে- বিয়ানীবাজার থানার নবাগত ওসি

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত রাখতে কোনো ধরনের আপস করা হবে না। সরকারি নির্দেশনা ও নির্বাচন কমিশনের আইনগত দায়িত্ব পালনে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখবে। সিলেট-৬ আসনের আওতাধীন বিয়ানীবাজারে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রাখতে পুলিশ সর্বদা তৎপর থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, “কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো।” নির্বাচনকেন্দ্রিক দায়িত্বের পাশাপাশি বিয়ানীবাজারবাসীর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে বলে ওসি ফারুক জানান। তিনি মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন।

বিয়ানীবাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় নিজের দপ্তরে বিয়ানীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বিয়ানীবাজারের সাধারণ নাগরিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়—সে বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন। একইসাথে ৫ আগস্ট-পরবর্তী মামলাগুলোতে স্থানীয় সাংবাদিকদের হয়রানি না করার অনুরোধ জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কয়েকটি কার্যকর পরামর্শও তুলে ধরেন সাংবাদিক নেতারা।

এই সংবাদটি 243 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ