বিশ্বনাথে অজ্ঞাতনামা কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮

বিশ্বনাথে অজ্ঞাতনামা কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা কিশোরীর হাত বাঁধা ও গলায় উড়না পেছানো লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরীর বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাত ৯টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের তবারক আলীর বাড়ীর সামনে পাঠাকইন-রামচন্দ্রপুর রাস্তার পাশে এই লাশ দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ও তদন্ত অফিসার মোহাম্মদ দুলাল আকন্দ সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছান। এরপর আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌছে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের এর একটি টিম। প্রাথমিক তদন্তের পর রাত ১২টায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত মেয়েটির গলায় একটি চেইন পাওয়া গিয়েছে। আলামত সংগ্রহের জন্য সিআইডি’র ক্রাইম সিন এর সদস্যরা ও থানা পুলিশ তথ্য সংগ্রহ করেছেন। অজ্ঞাতনামা মেয়েটিকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে সিআইডি’র ক্রাইম সিনের কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আমরা ঘটনাস্থলে কোন আলামত পাইনি। নিহত মেয়েটির বসয় ১৫/১৬ বছর হবে বলে আমারা ধারণা করছি, তবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৭সালে ২২এপ্রিল একই জায়গায় (প্রায় ৫০গজের দূরত্ব) আনুমানিক ২৮বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছিল পুলিশ।

এই সংবাদটি 749 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ