নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে বীমা মেলা চলবে

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে বীমা মেলা চলবে

দেশের সকল বিভাগে বীমা মেলা সফল করতে প্রত্যেক কোম্পানিকে অনুদান দিতে হবে ৫০ হাজার টাকা। তবে মেলায় অংশ গ্রহণকারি কোম্পানিগুলোকে স্টলের জন্য গুণতে হবে আরো ৩৫ হাজার টাকা। প্রত্যেক বিভাগের মেলায় কমপক্ষে ৩০টি স্টল নিশ্চিত করতে হবে। এছাড়াও মেলা উপলক্ষে প্রকাশিত স্যুভেনির এ বিজ্ঞাপন বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃথকভাবে স্পন্সর করতে পারবে কোম্পানিগুলো।

বুধবার এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আইডিআরএ’র গঠিত বিভাগীয় পর্যায়ে বীমা মেলা ২০১৬ আয়োজক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি– বেসরকারি সকল বীমা কোম্পানির মূখ্য নির্বাহীরা এ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আয়োজক কমিটির আহবায়ক আইডিআরএ সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা  বলেন, গত বছর আমরা যে মেলা করেছি তাতে অনুদান নেয়া হয়েছে ১ লাখ টাকা।  সে হিসেবে এ বছরে সব দিক বিবেচনা করে অনুদান কম ধরা হয়েছে।

কোম্পানিগুলোর ব্যবসায়িক পরিধি ও পরিশোধিত মুলধন হিসাব করা হলে এ ধরণের একটি আয়োজন ৫০ হাজার টাকা অনুদান খুব বেশি না। মন্তব্য করে তিনি আরো বলেন, যেসব কোম্পানি ৫০ হাজার টাকা অনুদান দেয়ার যোগ্যতা রাখে না তারা কেমন ব্যবসা করছে তা নিয়ে প্রশ্ন তোলা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কোম্পানি এ অনুদান না দিতে চাইলে কিছু করার নেই। তবে সবারই এতে অংশ নেয়া উচিত।

বীমা সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করা, কোম্পানিগুলোর পণ্য ও সেবা তুলে ধরা ও মেলার মাধ্যমে দেশে বীমার সেবা ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আইডিআরএ’র এই সদস্য।

আগামী নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত চার মাসে দেশের আটটি বিভাগীয় শহরে এ মেলা চলবে। প্রতিটি মেলায় ন্যুনতম ৩০টি স্টল থাকবে।  এর আগে গত ২৩ মার্চ রাজধানীতে প্রথমবারের মতো বীমামেলা করা হয়।

এই সংবাদটি 626 বার পঠিত হয়েছে