ঈদে রকমারি আয়োজনের পাঁচফোড়ন

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

ঈদে রকমারি আয়োজনের  পাঁচফোড়ন

গত দেড় যুগ ধরে প্রচার হয়ে আসছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। সাধারণত বছরের বিশেষ উৎসবমুখর দিনে দর্শকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিতে দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করে থাকে অনুষ্ঠানটি। আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। যাতে থাকছে শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশ ফেরত বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই দেখানো হবে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। যা সমসাময়িক হলেও বক্তব্যধর্মী। শুরু থেকে পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম হয়ে থাকে। এ অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। বিভিন্ন মাধ্যমের তারকা শিল্পীরা এর উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এবারের পাঁচফোড়নে বিদেশ ফেরত বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন টিভি অভিনেতা অপূর্ব এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সারিকা। এবারের পাঁচফোড়নে তিনটি গান রাখা হয়েছে। আর এগুলো গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নি, এসআই টুটুল ও প্রতিক হাসান। ঢাকা ও ঢাকার আশপাশে গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে। এ ছাড়াও এতে থাকছে সোহেল ও শখের পরিবেশন। থাকছে গরুর ইন্স্যুরেন্স ও গরুর শৃংখলাবোধ ও সময়ানুবর্তিতা নিয়ে দুটি ভিন্নধর্মী রিপোর্টিং। কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছেও এতে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। আর এটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

এই সংবাদটি 710 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ