ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ॥ গাড়ি ভাংচুর

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

 

গাজীপুরে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে ব্যবসায়ীরা। হামলায় জেলা বাজার কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনার পর ওই বাজারের দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।

গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ এবং মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানকে জরিমানার কথা জানান এবং কিছু মেয়াদহীন পণ্যের জব্দ তালিকা প্রস্তুত শুরু করেন। এ সময় পাশের দোকানী মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একশ’র মতো ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে জরিমানা করার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের লোকজনের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে। হামলায় গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম ও পুলিশ কনস্টেবল মো. এনামুল হক আহত হন। হামলাকারীরা এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির পেছনের কাচ ভাংচুর করে। পরে পুলিশের সহায়তায় তারা ওই স্থান ত্যাগ করেন। এ ঘটনার পর ওই বাজারের দোকানপাট কিছু সময় বন্ধ রাখে স্থানীয় ব্যবসায়ীরা।

এই সংবাদটি 675 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ