সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে সাত যুবক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে সাত যুবক

গঙ্গা নদীতে গোসল করার সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে সাত যুবক। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে বুধবার (২২ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় এক তরুণ। তাকে বাঁচাতে গিয়ে একে একে মারা যায় আরও ছয় জন। নিহতরা হলেন-শিবম (১৯), সচিন গুপ্তা (২১), মকসুদ (৩১), ভোলা (১৬), ভোলু তিওয়ারি (২০), রোহিত (২০) ও সত্যম (২৪)।কানপুর জেলা পুলিশের এসএসপি শলাভ মাথুর জানিয়েছেন, বৃষ্টির পর গঙ্গায় সঙ্গীদের নিয়ে গোসল করতে গিয়েছিলেন কর্নেলগঞ্জ এলাকার শিবম। সঙ্গীরা সবাই জুহি এলাকার বাসিন্দা। গোসলের সময় সেলফি তুলছিলেন শিবম। হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে পানিতে ভেসে যেতে থাকেন তিনি।পুলিশের এসএসপি আরও জানান, শিবমকে বাঁচাতে গিয়ে ভেসে যায় মকসুদও। এরপর বাকিরাও নদীতে ঝাঁপিয়ে পড়ে দুই সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু একে একে সবাই তলিয়ে যায় গঙ্গায়। এ প্রসঙ্গে কানপুরের এসপি (পশ্চিম) সচীন্দ্র পটেল জানান, নদীতে ডুবে যাওয়া তরুণদের উদ্ধারের জন্য ডুবুরি নামানো হয়। দুই ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে মুম্বাইতে বান্দ্রা ফোর্টের কাছে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে যায় তিন তরুণী। তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন স্থানীয় এক তরুণ। কিন্তু তাঁরও মৃত্যু হয়। পরে ওই সৈকতে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়।

এই সংবাদটি 1103 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ