ঢাকা |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
তাৎক্ষণিক ব্রিফিংয়ে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক কারা ফটকে অপক্ষেমাণ সাংবাদিকদের বিষয়টি জানান।
রাত ১০টা ৩০ মিনিটে কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা তার হাত থেকে লাল রুমাল ফেলা মাত্রই ফাঁসির মঞ্চের লিভার (হাতল) ধরে টান দেন জল্লাদ।
এরপর ২০ মিনিট তাকে (মীর কাসেম) ঝুলিয়ে রেখে ফাঁসির কূপ থেকে তোলা হয়। গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. আলী হায়দার লাশ পরীক্ষা করে মীর কাসেমকে মৃত ঘোষণা করেন।
এরমধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ষষ্ঠ অপরাধীর ফাঁসি কার্যকর হল।
চট্টগ্রামের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণের পর নির্যাতনের মাধ্যমে হত্যার দায়ে তার ফাঁসি কার্যকর হয়। এটা ছিল কাশিমপুর কারাগারে কোনো যুদ্ধাপরাধীর প্রথম ফাঁসি।
এর আগে মানবতাবিরোধী অপরাধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত ১০ মে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, গত বছরের ২২ নভেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী, একই বছর ১৫ এপ্রিল জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও ২০১৩ সালের ১২ ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়।
রাত ১০টা ৫৮ মিনিটে কারাগার থেকে বের হয়ে প্রশান্ত কুমার বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মীর কাসেম আলীর ফাঁসি শনিবার রাত ১০টা ৩০ মিনিটে কার্যকর করা হয়েছে।’
তিনি বলেন, ‘লাশ সুরতহাল শেষে তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেয়া হবে।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ছিলেন মীর কাসেম। তিনি ইসলামী ব্যাংক ও ইবনে সিনা এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে দুটি অভিযোগে ফাঁসি এবং আটটি অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ড দেন। ফাঁসির দণ্ড দেয়ার পর তাকে কনডেম সেলে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করেন মীর কাসেম। আপিলের চূড়ান্ত শুনানি শেষে ৮ মার্চ আপিল বিভাগ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়ে (১১ নম্বর অভিযোগ) ফাঁসির আদেশ বহাল রাখেন। মীর কাসেম ১৯ জুন ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন।
শুনানি শেষে ৩০ আগস্ট মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদন খারিজের রায় ঘোষণা করেন।
বুধবার মীর কাসেমকে কারাগারে আনুষ্ঠানিকভাবে রায় পড়ে শোনানো হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা। শুক্রবার কারা কর্মকর্তাদের মাধ্যমে মীর কাসেম জানান তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।