মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ লুৎফুর রহমান

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ লুৎফুর রহমান

মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা হাফিজ মোঃ লুৎফুর রহমান । বড়ই অকস্মাৎ সে চলে যাওয়া। মৃত্যুর আগের দিন শুক্রবার বন্ধের দিন হওয়া সত্তেও বাদ জুম’আ মাদ্রাসার জরুরী সভায় এসে উপস্থিত হয়েছিলেন তিনি। সভা শেষে মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে তাঁর সাথে নানা আলোচনা হয়। আলোচনা শেষে যথারীতি সুমিষ্ট হাসি আর সালাম বিনিময় করে বিদায় নিয়ে চলে গেলেন। সেই বিদায়ই ছিলো আমার সাথে শেষ দেখা।বরেণ্য এই আলেমে দ্বীন ছিলেন একাধারে আমার শিক্ষক এবং সম্পর্কীয় আত্মীয়। পাশাপাশি মাদ্রাসার গভর্নিং বডির একজন সদস্য হওয়ার সুবাদে তাঁর সাথে যোগাযোগ,চলাফরা, ওঠাবসা ছিল।এছাড়াও অত্যন্ত অমায়িক ব্যবহারে তিনি হয়ে উঠেছিলেন আত্মার আত্মীয়। তাঁর অকাল মৃত্যুতে আমি ব্যতিত, মর্মাহত এবং শোকাহত। তাকে নিয়ে হৃদয়ে জমে থাকা হাজারো স্মৃতিকথা বার বার মনে উকি দিচ্ছে।প্রতিটি মুহুর্তে তার শুণ্যতাবোধ করছি।

বরেণ্য এই আলেম দ্বীন ১৯৭৩ সালের ৯ ই জানুয়ারী উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভুগা গ্রাম নিবাসী মরহুম মাওলানা আকমল আলীর ঘরে জন্মলাভ করেন। শৈশবে পিতার হাতেই তার শিক্ষাজীবনের শুরু হয়। এরপর করমপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনে হিফজ সম্পুর্ন করে ১৮৮৩ সালে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ৫ ম শ্রেনীতে ভর্তি হন। ১৯৮৮ সালে দাখিল,১৯৯০ সালে অত্র মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে আলিম পাশ করেন। ১৯৯২ সালে সুজাউল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে ১৯৯৪ সালে গাছবাড়ী জামিউল কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।এছাড়া ইংরেজী বিষয় নিয়ে বিয়ানীবাজার ডিগ্রী কলেজ থেকে ১৯৯৫ সালে বিএ(পাস)পাশ করেন। সিলেট এমসি কলেজ থেকে২০০০-২০০১ সালে এমএ(ইসলামের ইতিহাস) সম্পন্ন করেন।

১৯৯৬ সালে আমি যখন নবম শ্রেণীতে পড়ালেখা করি তখন হুজুর অত্র দৌলতপুর মাদ্রাসায় তিনি আরবী প্রভাষক হিসেবে নিয়োগ পান।তাঁর কাছে আরবী শিক্ষার পাঠ আমি আলিম পর্যন্ত করেছি। তিনি এ মাদরাসাতেই অধ্যাপক,সহকারী অধ্যাপক হিসেবে ২০১৯ সালের জানুয়ারী পর্যন্ত ছিলেন। তবে তারও আগে খুব ছোটবেলা থেকে তাঁকে চিনি। আমার চাচাত ভাইয়ের মামা হওয়ার সুবাদে তাকে সবসময় মামা বলেই ডাকতাম। আমার পাশের ঘরে তাঁর বোনের বাড়ি থাকার সুবাদেও প্রতিনিয়ত আমাদের বাড়িতে উনার যাতায়াত ছিলো। সেই থেকে দেখে আসছি হুজুর অত্যন্ত অমায়িক এবং আলাদা ব্যক্তিত্বসম্পর্ন মানুষ ছিলেন।

২০০৬ সালে আমি উত্তর শাহবাজপুর ইউনিয়নের কাজী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উনি আমাকে বেশিরভাগ সময় কাজী সাহেব আবার কখনো কখনো ভাগনা বলে সম্মোধন করতেন।মাদ্রাসা কাজে অনেক সময় আমার অফিসে আসতেন,পরামর্শ করতেন। আমি অনেকবার আমার চেয়ারে বসার অনুরোধ করলেও কোনদিন বসেন নি। উস্তাদ হিসেবে ছিলেন প্রখর মেধার অধিকারী একজন শিক্ষক। নাহু সরফে তাঁর ছিল প্রগাঢ় দখল।শরয়ী মাস’আলা মাসায়েল নিয়ে খুবই দক্ষ একজন আলেম ছিলেন তিনি। শরয়ী কোনো বিষয়ে প্রশ্ন করলে অত্যন্ত সাবলীল ভাবে তা দলীলসহ বুঝিয়ে দিতেন। বিভিন্ন অঞ্চলে কোর’আনের তাফসির মাহফিলেও বয়ান করতেন তিনি। দীর্ঘ ১৭ বছর থেকে তিনি দক্ষিণ শাহবাজপুরস্থ তারাদরম জামে মসজিদে জুমার খতিব হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়া ১১ বছর থেকে বাড়ুদা জামে মসজিদে রমজান মাসে খতমে তারাবীর ইমাম ছিলেন।

গত ৭ই ফেব্রুয়ারী ২০১৫ সালে আমাদের শ্রদ্ধেয় দাদা ও হুজুরের তালই মরহুম মাওলানা মছদ্দর আলীর প্রতিষ্ঠিত পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে বিদায় নেয়া ৪১ জন শিক্ষকবৃন্দের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমি এই মাদ্রাসার সাথে সংযুক্ত হই।
পরবর্তীতে ২০১৬ সাল থেকে এপর্যন্ত মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য হিসেবে সংশ্লিষ্ট থেকে মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করে আসছি।

প্রাক্তন অধ্যক্ষ জনাব আব্দুল গফফার হুজুর অবসরজনিত কারণ বিদায় নেওয়ার পর গত ১৮ শে মে ২০১৯ তারিখে মাদ্রাসা অফিস কক্ষে অধ্যক্ষ নিয়োগ কমিটির আমি একজন নগন্য সদস্য হিসেবে দেখিছি ঐ দিন ডিজির প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে।ঐ নিয়োগ বোর্ডে সর্বোচ্চ মার্ক পেয়ে উত্তীর্ন হয়ে ভূগার হুজুর সহকারী অধ্যাপক থেকে ২৬ মে তারিখে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।হুজুরের সাথে অংশগ্রহণ করে মাদ্রাসাকে উন্নতির দিকে নেওয়ার জন্য হুজুরের যথেষ্ট সহযোগিতা পেয়েছি।

গত ১৭ই মার্চ ২০২০ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব মাওলানা কাজী এ,কে,এম আব্দুস শাকুর মারা যাওয়ায় উনার জানাযা শেষে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার সাহেব ও বর্তমান অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান সাহেব আমার বাড়িতে দুপুরের খাবার খেতে খেতে আমাকে বলেন ভাগনা, ১৯৮৯ সালে তোমার মা মারা যাওয়ার পর আমি তোমাদের বাড়িতে সারারাত কোর’আন তেলাওয়াত করেছি। এবং আরো বলেন যে, তুমি প্রতি বছর তোমার বাড়িতে কোর’আন খতমের আয়োজন করবে। হুজুরের সাথে কথা ছিলো রমজান মাস পরে আমার নতুন মেহমানখানা পরিপূর্ণ হয়ে গেলে হুজুর এবং উনার বড় ছেলেকে দাওয়াত করে ঘরে কোর’আন খতমের আয়োজন করার। এরপর করোনার পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। মাঝে মধ্যে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ফোনালাপ হত।

যথারীতি গত বৃহস্পতিবার আমাকে ফোন দিয়ে বলেন ভাগনা, সামনে ঈদ আসছে। আমার প্রতিষ্ঠানের বে-সরকারি শিক্ষক কর্মচারীবৃন্দের বেতন দেয়ার ব্যাপারে আলোচনা প্রয়োজন। আমি বল্লাম মামা এবিষয়ে সরাসরি কথা বলে নিলে ভালো হয়।
হুজুর বলেন, তাহলে কাল শুক্রবার আমি জুমার নামাজ তাড়াতাড়ি শেষ করে চলে আসবো দৌলতপুর। যথারীতি হুজুর তাড়াতাড়ি তারাদরম মসজিদে নামাজ পড়িয়ে উপস্থিত হন এবং গভর্নিং বডির সদস্য মাওলানা আব্দুস ছবুর সাহেব, শিক্ষক ফয়জুল হক সাহেব ও অতিরিক্ত শিক্ষক মো. শামছুদ্দুহা মনজু’কে নিয়ে শুক্রবার বাদ জুম্মা দৌলতপুর জামে মসজিদে ছোট্ট পরিসরে পরামর্শ সভা করি এবং বেসামরিক শিক্ষক কর্মচারীদের বেতন নির্ধারণ নিয়ে আলোচনা করি। পরে হুজুর আমাদের নিয়ে মাদ্রাসায় যান এবং সেখানে গিয়ে মাদ্রাসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় দৌলতপুর ওয়েলফেয়ারসোসাইটি কর্তৃক দানকৃত মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহনের গাড়িটি কোথায় রাখার ব্যবস্থা করা যায় এবিষয়ে আলোচনা করেন। সাথে মাদ্রাসায় আর কি কি কাজ করা লাগবে, না লাগবে এবিষয়ে নির্দেশনা দেন।

সবশেষে মাদ্রাসা গেইটের দিকে অগ্রসর হন এবং গ্রামের সার্বিক অবস্থা সহ দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যদের ও গ্রামের মুরব্বিয়ানদের নাম ধরে ধরে তাদের অবস্থা জানতে চান এবং প্রতিষ্ঠানের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন। গ্রামের অভ্যন্তরীণ বিষয় জানতে চাইলে তা হুজুরের কাছে অবহিত করায় হুজুর শুকরিয়া আদায় করেন এবং গ্রামের সকলের জন্য দোয়া করেন।শেষে হুজুর আমাদের কাছে থেকে হাসিমুখে বিদায় নিয়ে চলে যান। এটাই ছিলো হুজুরের সাথে জীবনের শেষ দেখা এবং শেষ কথোপকথন।

গত শনিবার ভোররাতে সেহরি খেয়ে ফজরের নামাজ শেষে কোর’আন তেলাওয়াত করে ঘুম লাগছিল না।  বাইরের আবহাওয়া ভালো থাকায় একটু হাটাঁহাটি করে সকাল যখন ৭ঃ৩০ তখন হালকা বৃষ্টি আসায় ঘরে এসে ঘুমিয়ে পড়ি। দুর্ভাগ্যবশত মোবাইল সাইলেন্ট মুডে দিয়ে চার্জে লাগিয়ে রেখেছিলাম যার ফলে হুজুরের সাথে কথা বলার সৌভাগ্য হয়নি। দুপুর ১২ঃ৪৫ মিনিটের সময় আমার পরিবার আমাকে ঘুম থেকে তোলে বিষয়টি অবহিত করেন। মোবাইল হাতে নিয়ে দেখলাম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও আত্বীয় স্বজন সহ অসংখ্য কল আসছে আমার মোবাইলে। কয়েকটি ফোন রিসিভ করার পরে এমদাদ মামা (হুজুরের ছোট ভাই) ও মাওলানা বদরুল ইসলামের সাথে আলাপ করে জানাযার নামাজের সময় ও স্থান নির্ধারণ করলাম। পরে গোসল করে জোহরের নামাজ আদায় করে মোবাইল হাতে নিয়ে কললিস্ট দেখলাম। দেখলাম অসংখ্য নাম্বার থেকে কল আসার পাশাপাশি সকাল ৯ঃ০৪ মিনিটে হুজুরের ব্যক্তিগত নাম্বার ও অফিসিয়াল নাম্বার থেকে বেশ কয়েকটি কল এসেছে। ইতিমধ্যে ছোট মামা (এমদাদুর রহমান) ফোন দিয়ে বলেন, মামা আমরা কালাইউরায় পৌঁছেছি আপনি তাড়াঁতাড়ি মাদ্রাসা সম্মুখে আসেন। আমি সেখান থেকেই লাশবাহী গাড়ির সাথে সাথে হুজুরের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে হুজুরের পরিবার থেকে জানতে পারলাম যে,হুজুর এই রমজানে গ্রামের একটি বাড়িতে উনার ছেলেকে নিয়ে এশার নামাজ ও তারাবির নামাজ পড়ান।গত তিন দিন থেকে তারাবির নামাজ শেষে বাড়িতে এসে আর ঘুমাতে পারতেন না। কেউ যেনো উনাকে চাপ দিয়ে ধরে রাখছে এরকম অনুভব করতেন।

এ অবস্থায় উনার প্রতিবেশী মাওলানা মাশহুদ সাহেবকে ডেকে উনার শরীরে ফু দেওয়ান এবং ভোর ৫টার দিকে মাশহুদ সাহেবকে বিদায় দেওয়ার সময় হুজুর বলেন, মাশহুদ সাহেব আমি হয়তো মরে যাবো। একথা শুনে মাশহুদ সাহেব হুজুরকে জড়িয়ে ধরলেন এবং বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর সেহেরি শেষে ফজর নামাজ আদায় করলেন এবং সামান্য অস্বস্থি অনুভব করলেন। অসুস্থ্যতার আশংকা করলে পাড়ার ডাক্তার আব্দুল্লাহ সাহেবকে ডাকলেন। ডাক্তার ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষা করার পর কোনো হসপিটালের যাওয়ার পরামর্শ দিলেন। এমন মুহুর্তে হুজুর হয়তো বুঝেই গেছেন যে হুজুরের হায়াত আর বেশি সময় নাই। সপ্তাহ আগে তিনি মাদ্রাসার অফিস সহকারী দয়াসিন্ধু দেবনাথকে দিয়ে একটি ছোট ডায়েরি সংগ্রহ করেন এবং এটাতে মাদ্রাসার ছোট-বড় সব হিসেব নোট করে রাখেন।
এমতাবস্থায় হুজুর উনার বড় ছেলে আমাদের মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অত্র মাদ্রাসায় এবছরে হিফয সম্পন্ন করা হাফেজ মোঃ আরিফুর রাহমানকে ডেকে পাঠান। তাকে এনে ঐ হিসেবের ছোট ডায়েরি, অফিসের চাবি, অফিসিয়াল মোবাইল ও মাদ্রাসার নগদ অর্থ তার কাছে সমর্পণ করে বলেন যে এগুলো যেনো সে আমার কাছে পৌছিয়ে দেয়। এরপর আমাকে ফোন দেন কিন্তু হুজুরের সাথে আলাপ আমার ভাগ্যে নসিব হয়নি। হায় আফসোস! আজীবন এই আফসোস নিয়ে কাটাতে হবে। হুজুরের সাথে শেষ কথা বলার সুযোগ পেলে হয়তো হুজুরের কাছে থেকে ভুলের মাফ চেয়ে নিয়ে পারতাম। সাথে হুজুরের কাছে থেকে দোয়া নিতে পারতাম।
কিন্তু আমার ভাগ্যে তা জুটে নি। আল্লাহ তা’লা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।
স্মৃতিচারণঃ
কাজী রমিজ উদ্দীন(সাংবাদিক),গভার্নিং বডি
১৮/০৫/২০২০খ্রীঃ

এই সংবাদটি 1022 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ