বাংলাদেশে চাপ অনুভব করছেন গেইল

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

বাংলাদেশে চাপ অনুভব করছেন গেইল

ধুমধাড়াক্কা টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। তাকে নিজ দলে পাওয়ার জন্য বস্তাভর্তি ডলার নিয়ে বসে থাকেন ফ্রাঞ্চাইজি মালিকরা।

 

বিপিএলের দ্বিতীয় আসরে মাত্র এক ম্যাচের জন্যে ঢাকায় এসেছিলেন গেইল। সেবার সেমিফাইনালে এসেই করেছিলেন ১১৪ রান। ফাইনাল ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরস পঞ্চাশ হাজার ডলার দিতে চেয়েছিল। তাতেও রাজি হননি এই ক্যারিবীয় তারকা। এবারও বরিশাল বুলস গেইলের পেছনে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছে। টুর্নামেন্টের শুরু থেকেই গেলইকে চাচ্ছিল বরিশাল। কিন্তু ইনজুরিতে থাকায় গেইলকে আনতে পারেনি। অবশেষে সপ্তম ম্যাচ থেকেই বরিশালের জার্সিতে মাঠে নামবেন এই মারকুটে ব্যাটসম্যান।

 

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলনও করেছেন গেইল। অনুশীলনের পর গেইল জানান, ঢাকায় এসে বেশ ভালো চাপেই আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন,‘বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। এখানে যখনই খেলেছি, ভালো পারফর্ম করেছি। এবার আমার দলও খুব ভালো খেলছে। এটাই চাপে ফেলে দিয়েছে আমাকে।’

 

চাপ অনুভব করার কারণ প্রসঙ্গে গেইল বলেন, ‘আমি মাত্র ইনজুরি থেকে সেরে উঠেছি। সত্যি বলতে, প্রত্যেকেই গেইল-ঝড়ের অপেক্ষায় আছে। আমিও সেটা চাচ্ছি। কিন্তু হঠাৎ করে পারফর্ম করাটা একটু কঠিনই বটে, তাই না? চেষ্টা করব ম্যাচে ভালো কিছু করার।’

 

বিপিএলের নতুন দল বরিশাল বুলস টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে। ছয় ম্যাচে মাহমুদউল্লাহর দল হেরেছে মাত্র এক ম্যাচে। গেইলকে পাওয়ায় স্বাভাবিকভাবেই শক্তির বিচারে আরো এগিয়ে গেল বরিশাল। পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বরিশাল। শেষ চার ম্যাচে প্রভাব বিস্তার করেই খেলার ইচ্ছা গেইলের।

 

গেইলের ভাষ্য,‘ব্যক্তিগতভাবে ভালো করার পাশাপাশি পয়েন্ট টেবিলে দলের অবস্থান সুসংহত করার দিকেও চিন্তা থাকবে। ফাইনালে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে পারফর্ম করব। আজ (গতকাল) দলের সঙ্গে অনুশীলন করলাম। ভালো লাগলো।

 

প্রায় চার মাস ধরে মাঠের বাইরে গেইল। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেন। ইনজুরি-বাধায় চার মাস মাঠের থাকার পর বিপিএল দিয়েই আবার ক্রিকেটে ফিরছেন গেইল।

 

এই সংবাদটি 957 বার পঠিত হয়েছে