গ্রুপ পর্বেই অলিম্পিক থেকে বিদায় আর্জেন্টিনার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

গ্রুপ পর্বেই অলিম্পিক থেকে বিদায় আর্জেন্টিনার

কোপায় বড়দের শিরোপা হারানোর ক্ষত এখনো হয়ত শুকায়নি। এরই মধ্যে অলিম্পিকের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জুনিয়র মেসিরা।

হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিও অলিম্পিক থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনা।

বিশ্ব ফুটবলের র‌্যাংকিং বিবেচনা করলে এ ফলাফল অবিশ্বাস্য। এখন বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনা। অন্যদিকে ৮২ নম্বর দল হন্ডুরাস। এ ম্যাচ তো হেসে খেলে জেতার কথা আর্জেন্টিনার।

কোয়ার্টার ফাইনালে যেতে শেষ ম্যাচে জিততেই হতো জুনিয়র মেসিদের। কারণ প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় গোল ব্যবধানে হন্ডুরাসের চেয়ে পিছিয়ে ছিল তারা।

জেতা দরকার এমন ম্যাচেই উল্টো হারতে বসেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৫ মিনিটে অ্যান্থনি লোজানোর পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে যায় হন্ডুরাস।

এ গোল আর্জেন্টিনা শোধ করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। মরিসিও মার্টিনেজের ফ্রি-কিকটি হন্ডুরাসের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলকিপারকে ফাঁকি দিয়ে চলে যায় জালে।

শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে দুবারের সোনাজয়ীদের এবার খালি হাতেই ফিরতে হচ্ছে।

এই সংবাদটি 590 বার পঠিত হয়েছে