ফলোআপ : কমলগঞ্জে প্রধান শিক্ষককে মারধর : সামাজিক সমাধান শেষে দুঃখ প্রকাশ!

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

ফলোআপ : কমলগঞ্জে প্রধান শিক্ষককে মারধর : সামাজিক সমাধান শেষে দুঃখ প্রকাশ!

এম. মছব্বির আলী: উপবৃত্তির তালিকা থেকে ৩৫০ জনের নাম বাদ পড়াসহ ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে মারধর করার ঘটনার তদন্তে কোন অনিয়ম ধরা পড়েনি। উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সামাজিক সমাধান শেষে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে লাঞ্চিত প্রধান শিক্ষককে তাঁর আসনে বসিয়ে দেওয়া হয়। উপবৃত্তি থেকে নাম বাদ পড়া ও এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে কিছু বিক্ষুব্দ অভিভাবক ২৪ জানুয়ারী রোববার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে মারধর করলে তিন সদস্যের তদন্ত কমিটির তদন্ত শেষে ২৭ জানুয়ারী বুধবার বেলা ১টায় উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে সামাজিক বৈঠক বসেছিল।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মৌসুমী পালের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল সরেজমিন ঘুরে তদন্ত করেন। তদন্তে দেখা যায়, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলী সরকারী নিয়ম মেনেই উপবৃত্তির তালিকা প্রেরণ করেছেন। এখানে তিনি কোন অনিয়ম করেননি। তাছাড়া এসএসসির ফরম পূরণে শিক্ষা বোর্ডের নিয়ম মোতাবেক নির্ধারিত বাড়তি কোন ফি গ্রহন করেননি। ঘটনার দিন কমিটির সিদ্ধান্ত উল্লেখ করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছিল তাও সঠিক নয় বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় বুধবার সামাজিক বৈঠক করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলী তদন্তে তিনি নির্দোষ প্রমানিত হওয়াসহ ঘটনাটির সামাজিক সমাধান শেষে তাঁকে সবার উপস্থিতিতে সম্মান প্রদর্শন করে প্রধান শিক্ষকের আসনে বসানো হয়েছে বলে জানান।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম হলে তার জন্য বিভাগীয় তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এখানে গত রোববার এভাবে ঘটনা না ঘটলেই ভাল হত। এই অনাকাঙ্খিত ঘটনার জন্য বুধবার বৈঠকে সবাই দুঃখ প্রকাশ করাসহ ভবিষ্যতে যেন এভাবে কোন ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকার কথা বলা হয়েছে। আসলে কারা এ ঘটনার পিছনে ছিল তা না খতিয়ে সামাজিক সমাধান করা হয়েছে বলেও উপজেলা চেয়ারম্যান জানান।

এই সংবাদটি 641 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ