সিলেটের পর্যটন স্পটগুলো হকারদের দখলে

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

সিলেটের পর্যটন স্পটগুলো হকারদের দখলে

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নগরবাসী-পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশে সময় কাটানোর জন্য সুরমা নদীর তীরসহ বিভিন্ন এলাকায় নানা উদ্যোগ নিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন। নদীর পাড়, খালের পাড় ও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে হাঁটার পথ, বসার ব্যবস্থা এবং সবুজায়নের মাধ্যমে তৈরি করা হয়েছিল মনোরম পরিবেশ।
তবে সময়ের সঙ্গে এসব স্থানের অনেকটাই এখন ভাসমান হকার ও অস্থায়ী দোকানদারদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। কোথাও দোকান বসিয়ে, কোথাও চেয়ার-টেবিল পেতে জায়গা দখল করে রাখায় স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খোলামেলা পরিবেশ উপভোগে বাধার মুখে পড়ছেন নগরবাসী ও পর্যটকরা।
সুরমা নদীর পাড়, রোজভিউ কমপ্লেক্সের পাশের খালপাড়, কাজিরবাজার ব্রীজ সংলগ্ন এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একই চিত্র দেখা যায় বলে অভিযোগ রয়েছে। পর্যটকরা এসব স্থানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলেও অনেক ক্ষেত্রে দোকানিদের চাপে বসে খাবার বা চা-নাশতা গ্রহণ করতে হয়। ফলে যে জায়গাগুলো নির্মাণ করা হয়েছিল নিরিবিলি পরিবেশে হাঁটাহাঁটি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য, সেগুলোই এখন বাণিজ্যিক কর্মকাণ্ডে সংকুচিত হয়ে পড়ছে।
নগরবাসীর অভিযোগ, ফুটপাত ও দর্শনীয় স্থান দখল করে ব্যবসা পরিচালনার কারণে শুধু চলাচলেই সমস্যা হচ্ছে না, নগরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। একই সঙ্গে সিলেটে বেড়াতে আসা বাইরের জেলার পর্যটকরাও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
সম্প্রতি ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসা এক নারী পর্যটকের সঙ্গে অশোভন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তসাপেক্ষে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তাদের প্রশ্ন—সিলেটকে পর্যটনবান্ধব ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তুলতে যেখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো যদি অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত ব্যবসার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তাহলে এসব উদ্যোগের সুফল মিলবে কীভাবে?
সচেতন নাগরিকদের দাবি দর্শনীয় স্থান, হাঁটার পথ ও নদীর তীর দখলমুক্ত করে পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সিলেটের পর্যটন স্পটগুলো দখলমুক্ত, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন কী উদ্যোগ নেবে—এখন সেটিই নগরবাসী ও সচেতন মহলের প্রশ্ন।

এই সংবাদটি 25 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ