পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতিতে বিজিবি

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতিতে বিজিবি

সিলেট প্রতিনিধি :
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশ-ইন কার্যক্রম ও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধে সিলেট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
রোববার (৭ জুন) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্ত এলাকায় টহল ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। চিহ্নিত রুটগুলোতে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
এছাড়া, বিএসএফের সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী এলাকার জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত অপরাধ কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এই সংবাদটি 40 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ