বড়লেখায় ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

বড়লেখায় ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই

সেলিম চৌধুরী, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুর্শিদাবাদ কুরা গ্রামের ব্যবসায়ী জামিল আহমদ চৌধুরীকে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত জামিল চৌধুরীর ভাই সালাম চৌধুরী মামলায় নাজিম উদ্দীন, সুহেল আহমেদসহ ৫ জনকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে জামিল আহমদ চৌধুরীর ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে আহত করার পাশাপাশি তার কাছে থাকা ৫ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সালিশের নিষ্পত্তির আগেই আসামিরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, হামলার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় আহত জামিল আহমদ চৌধুরী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বজনরা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আহত জামিল আহমদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 137 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ