কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্চ শিক্ষার প্রসার এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আদমপুর বাজারের অদূরবর্তী নৈনারপারবাজার- ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আদমপুর ইউনাইটেড কলেজ ভবিষ্যতে কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর, আলীনগর ও মাধবপুর এই চার ইউনিয়নসহ চা বাগান এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে।

আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা, বিশিষ্ট ব্যাবসায়ী এম. এ. আহাদ জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই অঞ্চলের নতুন প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতেই আদমপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি মাইলফলক।

কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রাহেল মিয়া বলেন, কলেজটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হবে মানবসম্পদ উন্নয়ন,সামাজিক মূল্যবোধ,ভ্রাতৃত্ববোধ রক্ষার কেন্দ্রবিন্দু। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও জাতীয় নেতৃত্বের শিক্ষা লাভ করবে।

উল্লেখ্য, আদমপুর ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে আদমপুর–ইসলামপুরের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (যুক্তরাজ্য)।

সংগঠনটির আহ্বায়ক,লন্ডনের বিশিষ্ট ব্যাবসায়ী মো. সেলিম মিয়া অনলাইন বার্তায় জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। তিনি আরোও বলেন, আদমপুরের নতুন সুর্যোদয় হয়েছে এই কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে এবং তরুন প্রজন্মের জন্য এই উদ্যোগ। যাতে করে একটি দক্ষ যোগ্য শিক্ষিত সমাজ গড়ে উঠে। দেশ ও সমাজের জন্য তার সংগঠন সবসময় কাজ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনের সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, দীর্ঘদিন ধরে আদমপুর–ইসলামপুরবাসীর প্রাণের দাবি ছিল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা সেই স্বপ্নের শুভ সূচনা করতে পেরেছি। এই কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে, মানবিক ও দক্ষ নাগরিক গড়ে উঠবে এবং সমগ্র অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 215 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ