ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের একই গ্রামের পিতা-পুত্র বিয়ের বরসহ ৮ জন নিহত

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের একই গ্রামের পিতা-পুত্র বিয়ের বরসহ ৮ জন নিহত

বিশেষ প্রতিনিধি : ঢাকায় বিয়ে করতে গিয়ে লাশ হয়ে ফিরল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বর ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান (২৫)। তার সাথে বরযাত্রী হয়ে লাশ হলেন বাবা আদিউর রহমান (৬০), চাচা মতিউর রহমান মোর্শেদ (৪২), চাচাতো ভাই আলী হোসেন (১২) এবং একই গ্রামের নিকটআত্মীয় মাওলানা সাইদুর রহমান (৫০), হাজী আব্দুল হান্নান (৫৮), মুক্তার চৌধুরী ওরপে মুকিত (৬৫) ও দুরুদ মিয়া (৫৫)। এক সাথে একই পরিবারের ৪ জনসহ একই গ্রামের ৮জনের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় চলছে আহাজারি। সর্বত্র বিরাজ করছে শোকাচ্ছন্না পরিবেশ। পরিবারের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। রুপশপুর গ্রাম এখন শুধুই নিস্তব্ধ একটি মৃত্যুপুরী। একই পরিবারভুক্ত চারজনসহ আটজনের মৃত্যুতে গ্রামবাসী যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার শশই এলাকায়। এ সময় মাইক্রোবাস ও এনা পরিবহনের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলই বরসহ ৭জন মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় রুপশপুর গ্রামে গেলে নিহত বর আবু সুফিয়ানের মা জরিনা বেগম (৫০)-এর কান্নায় আকাশ যেন ভারী হয়ে উঠে। কেঁদে কেঁদে সাংবাদিকদের বলেন, তিন ছেলের মাঝে সে বড় ছেলে ছিল। বিয়ে করে ঘরে ফিরে আনন্দ করার কথা ছিল। দুর্ঘটনায় এ আনন্দ শোকে পরিনত হল। শোক শুধু শোক নয় পুরো পরিবারটি এখন ধ্বংসের মুখে পড়ে গেল। জরিনার বেগমওে মতো বাকী ৪টি পরিবারের স্বজনদেও কান্নায় উপস্থিত লোকজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। গ্রামবাসী একই কবর স্থানে এক সাথে ৮টি কবর খুড়ে প্রস্তুত করে রেখেছেন। মাইকে প্রচার করা হচ্ছে জানাযার সময়ের ঘোষনা। ব্রাক্ষনবাড়িয়া পুলিশ ফাঁড়ি থেকে ৮টি মরদেহ নিয়ে রওয়ানা দিয়েছেন আত্মীয়স্বজনরা। এ দিকে গোটা কমলগঞ্জে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে শত শত শোকার্ত মানুষ ছুৃটে যাচ্ছেন শোকাহত রুপসপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে ১০টায় জানাযার অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
মরদেহ নিয়ে ফেরার পথে মুঠোফোনে মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আবুল মিয়া এ প্রতিনিধিকে বলেন, রাত সাড়ে দশটায় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। ইউপি সদস্য আরও বলেন, হাসি খুশিতে ভরপুর গ্রাম একটি দুর্ঘটনায় হাঁসির বদলে কান্নায় ভরে গেছে।
এদিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কিশোলয় সাহা জানান, এদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনায় ৮ জনের মরদেহ হস্তান্তরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মীয়রা ৮টি লাশ গ্রহন করে নিজ বাড়িতে নিয়ে গেছেন।

এই সংবাদটি 770 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ