ঢাকা |
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্য থাকায় ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে জেলা প্রশাসকের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে আংশিক মিল থাকায় বিভিন্ন মহলে আলোচনা, সমালোচনা এবং বিভ্রান্তির জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীও অস্বস্তি প্রকাশ করেছেন বলে জানা গেছে। কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে তিনি নিজেও ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের অনুরোধ জেলা প্রশাসকের কাছে জানিয়েছেন।
সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকায় একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ি’, যা তার পারিবারিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। একইসঙ্গে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নাম অনুসারে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম বলেন, অতীতে পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন এবং সে জন্য তিনি প্রশংসাও পেয়েছেন। তার মতে, প্রধানমন্ত্রীর সেই অবস্থান মন্ত্রীদেরও অনুসরণ করা উচিত। তিনি আরও বলেন, অতীতে এ ধরনের নামকরণ সংশোধনে দীর্ঘ সময় ব্যয় হয়েছে এবং একই সংস্কৃতি আবার ফিরে আসছে।
তবে মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা প্রদান করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন আয়তনে অনেক বড় ছিল। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে।
প্রতিমন্ত্রীর ব্যাখ্যায় বলা হয়, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অপরদিকে গাইবান্ধা জেলার নিকটবর্তী এবং তুলনামূলক দূরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় অন্য ইউনিয়নের নাম দেওয়া হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সূত্রপাত ঘটে।
নতুন প্রশাসনিক কাঠামো অনুযায়ী শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।