ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের লক্ষ্য

বিশেষ প্রতিনিধি

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনটি দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সরকারের লক্ষ্য। এজন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হবে বলেও আশাবাদী তিনি। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষ্যে এই ভাষণ দেন তিনি। তার মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের এক মহোৎসব চলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ংকর হতে থাকবে। এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘ মহাসচিব গুজব মোকাবিলায় আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেব না। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ হবে। এছাড়া স্টারলিংকের সঙ্গে ৩ মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশে গণহত্যাসংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনে সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। গণহত্যায় জড়িতদের বিচার এ দেশের মাটিতে হবেই।

ড. ইউনূস বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান মাসজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সব জায়গা থেকে খবর এসেছে, এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে। জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে।

এই সংবাদটি 319 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ