চেংগাইয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি গরুর মৃত্যু, দগ্ধ আরও ২টি

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

চেংগাইয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি গরুর মৃত্যু, দগ্ধ আরও ২টি

মোঃ শাহ আলম
দোয়ারবাজর উপজেলা প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে। একই ঘটনায় আরও ২টি গরু গুরুতরভাবে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছমির উদ্দিনের মালিকানাধীন মোট ৫টি গরু ছিল। ঘটনার সময় রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে গরুর ঘরের সামনে অবস্থিত একটি খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত গরুর ঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ধোঁয়া ও আগুনের আলো দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তখন পর্যন্ত আগুনে পুড়ে ঘটনাস্থলেই ২টি গরুর মৃত্যু হয়। অপর ২টি গরু মারাত্মকভাবে দগ্ধ হলেও স্থানীয়দের তৎপরতায় কোনোরকমে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

খবর পেয়ে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে পানি ও বিভিন্ন সরঞ্জামের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফলে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি, এতে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে গ্রামটি রক্ষা পায়।

এ অগ্নিকাণ্ডে গরুর ঘরসহ কেরের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এতে ছমির উদ্দিনের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম বিপাকে রয়েছে।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খড়ের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি 220 বার পঠিত হয়েছে