বীমা এজেন্টদের কমিশনের উপর ১৫% ভ্যাট আদায় স্থগিত করেছেন হাইকোর্ট

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুন ৩, ২০১৬

বীমা এজেন্টদের কমিশনের উপর ১৫% ভ্যাট আদায় স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এজেন্টদের কমিশনের উপর ভ্যাট আদায় কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে ভ্যাট আরোপকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতেও বলা হয়েছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিমের এক আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে গত ১৫ মে বিচারপতি মো. মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সূত্র মতে, প্রগতি লাইফ ছাড়াও প্রগতি জেনারেল ইন্স্যুরেস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স রীট মামলা করে একই স্থগিতাদেশ পেয়েছে।

এর আগে বীমা এজেন্টদের কমিশনের উপর ১৫% হারে ভ্যাট আরোপ করে তা আদায়ের জন্য বীমা কোম্পানিগুলোকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরবর্তীতে বীমা উদ্যোক্তাদের সংগঠনের পক্ষ থেকে এ ভ্যাট প্রত্যাহারে দেন-দরবার করেন। কিন্তু এতে কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টে রীট মামলা করে কোম্পানিগুলো।

এনবিআর এর পক্ষ থেকে দাবি করা হয়, সার্ভিস কোড অনুসারে এজেন্টদের কমিশন আয় ‘বিবিধ সেবার’ আওতায় পড়ে। এ কারণে এজেন্টদের কমিশনের উপর ১৫% হারে ভ্যাট আরোপ করা হয়।

এই সংবাদটি 1156 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ