সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই। পবিত্র কোরআন তেলাওয়াত ও হাদীস চর্চার মাধ্যমে এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং জেনে-বুঝে ইসলামের বিধি-বিধান নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ন্যায়বিচার, মানবিকতা, সততা, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আলোকিত সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি ২৪ অক্টোবর শনিবার দুপুরে সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সৌদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত হিফযুল হাদীস প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাজকীয় সৌদী দূতাবাস বাংলাদেশের দা’ঈ শাইখ বদর বিন ইসহাক আল মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজকীয় সৌদি দূতাবাস বাংলাদেশের দা’ঈ শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। বাছাইপর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ রাশেদুল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক মাসুম ইফতেখার রসুল শিহাব।

আল মুত্তাকিন ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইফ মোহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সামির উদ্দিন জাওয়াদ।
অনুষ্ঠানে হিফযুল হাদীস বাছাই প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত ৫ জন ছাত্র ও ৩ জন ছাত্রী প্রতিযোগিকে ইয়েস কার্ড দিয়ে জাতীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়।

ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এই সংবাদটি 18 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ