একটি অন্যরকম গল্প

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

একটি অন্যরকম গল্প

নাটকের নাম ‘ভবিতব্য’। যাতে কোনো গ্ল্যামারের ছোঁয়া নেই। একেবারে অজপাড়া গায়ে গিয়ে শুটিং করা হয়েছে এটি। মূলত গল্পের কারণেই গ্রামে শুটিং।

এতে দেখা যাবে, ফাতেমার বয়স যখন তিন বছর তখন তার বাবা মারা যায়। অভাবের সংসার। মা কোনো রকম করে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বছর খানিক পরে মা অন্যত্র বিয়ে করেন। সৎ বাবার সংসারে আদর যত্ন একটু কম পেলেও কোনো রকম তিন বেলা খাবারটা জুটে ফাতেমার। বয়স পনেরো না পেরুতেই বিয়ে দিয়ে দেয় ফাতেমাকে। তবে তার জীবনের সবচেয়ে ভালো সময়টা শ্বশুর বাড়িতেই পার করছেন। এখানে তার আদর-যত্ন, খাওয়া-দাওয়া কোনো কিছুরই অভাব নেই। বিয়ের কয়েক বছর কেটে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসে না। সুখ ক্রমেই অসুখে পরিণত হয়।

শাশুড়ি ফাতেমাকে সাফ জানিয়ে দেন, আর এক বছর অপেক্ষা করবে। এর মধ্যে নাতি নাতনির মুখ না দেখলে তিনি ছেলেকে আবার বিয়ে করাবেন। পরে বছরখানিকের মধ্যেই কন্যা সন্তানের মা হন ফাতেমা। তার সুখের সীমা নেই। সবাই তাকে মাথায় তুলে রাখেন। এরপর মারা যান তার স্বামী। স্বামীই যে ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাব ঘিরে ধরে চারপাশ থেকে। বাচ্চার খাবার যোগাতেই হিমশিম। শুরু হয় তার অন্যরকম এক জীবন।

এমন জীবনের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এতে ফাতেমা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম পত্নী জুঁই ও তার স্বামীর চরিত্রে দেখা যাবে মামুনুর রশিদকে।

এতে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের যেভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় তার চিত্র এ নাটকে ফুটে উঠেছে। পাশাপাশি অভাবের তাড়নায় একটি সংসার যে কতটা নির্মম সময় কাটায় তাও দেখা যাবে এতে। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

 

সূত্র : যুগান্তর

এই সংবাদটি 1051 বার পঠিত হয়েছে