বিয়ানীবাজারের সব মসজিদে যাচ্ছে সরকারী খুতবা,কিভাবে দেখছেন ইমামরা

প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

বিয়ানীবাজারের সব মসজিদে যাচ্ছে সরকারী খুতবা,কিভাবে দেখছেন ইমামরা


হাসান আহমদ: বিয়ানীবাজার উপজেলার সব জামে মসজিদে ‘সরকারী’ খুতবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে  ইসলামী ফাউন্ডেশন । সরকারী নির্দেশনা পেয়ে গত সপ্তাহে মসজিদগুলোতে পৌঁছানোর কাজ শুরু করায়  গেল শুক্রবারে  পৌরসভার বেশ কয়েকটি মসজিদে ‘ফাউন্ডেশন প্রণিত’  খুতবা পাঠ করা হয়েছে । আগামী শুক্রবারের মধ্যে বাকী থাকা সব মসজিদে  সরকারী এ খুতবা  পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশনের বিয়ানীবাজার উপজেলার মডেল কেয়ারটেকার আব্দুর রহমান ।  তিনি জানান, খুতবা আসতে দেরী হওয়ায়  গত শুক্রবারের পূর্বে সকল মসজিদে  পৌঁছানো যায়নি । পৌরসভার মসজিদগুলোতে দেয়া হয়েছে এবং উপজেলার সকল জামে মসজিদে দেয়ার জন্য ফাউন্ডেশনের স্ব-স্ব ইউনিয়ন কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়েছে । আগামী শুক্রবারের আগে ইমামদের হাতে হাতে পৌঁছে যাবে ।
কিভাবে দেখছেন ইমাম ও মুসল্লিরা:যুগ যুগ ধরে স্বতন্ত্র খুতবা চলে আসছে মসজিদগুলো । তথ্যমত,বিয়ানীবাজারের বেশির ভাগ মসজিদে কওমীপন্থী বুযুর্গ মুফতি শফি (রহ:) এর লেখা ‘খুতবাতুল আহকাম’ পাঠ করা হয় । কোনো কোনো মসজিদের ইমাম সমসাময়িক বিষয়ের আলোকে সাজিয়ে একেক সপ্তাহে একেক খুতবা পাঠ করে থাকেন । তাছাড়া ‘আন্জুমানে  আল ইসলাহ’ অধ্যুষিত কিছু কিছু  গ্রামের মসজিদে  মরহুম  মাও:আব্দুল লতিফ ফুলতলি রচিত ‘খুতবাতুল ইয়াকুবিয়া’ পাঠ হয় । গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং শোলাকিয়া ইদগাহে জঙ্গি হামলার পর সারা দেশের মসজিদে ইসলামী ফাউন্ডেশন প্রণিত অভিন্ন খুতবা পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার । এরই আলোকে অন্যান্য স্হানের মত বিয়ানীবাজারের মসজিদগুলোতে সরকারী খুতবা পাঠাচ্ছে   ইসলামী ফাউন্ডেশন ।   খোঁজ নিয়ে জানা যায়,গত শুক্রবারে পৌরসভার বিভিন্ন মসজিদে ‘সরকারী’খুতবা পাঠ করেছেন ইমামরা । বিষয়টি আগে থেকেই ইমামদেরকে অবগত করানো হয় । কোনো মসজিদের ইমামরা ‘সরকারী খুতবা’র  সমালোচনা করে ওয়াজ করেছেন বলে শোনা যায়নি । ইমামরা জুমার বয়ানে উগ্রপন্থার বিরোদ্ধে ইসলামের অবস্হান তুলে ধরে   ওয়াজ শেষে সরকারী খুতবা পাঠ করেন । অন্যান্য দিনের চেয়ে গত শুক্রবারের খুতবা ‘কিছুটা অন্যরকম’  মনে হয়েছে-বলেন কয়েকজন মুসল্লী । গ্রামাঞ্চলের জামে মসজিদগুলোতে এখনো ‘সরকারী খুতবা’ না পৌঁছলেও শীঘ্রই  পৌঁছে যাবে-এরকম  বার্তা প্রায় সকল ইমাম ও মুসল্লীদের কানে পৌঁছেছে । 

এই সংবাদটি 1096 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ