ঈদের দিন ভারি বর্ষণ হতে পারে

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

ঈদের দিন ভারি বর্ষণ হতে পারে

ঈদের দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপরূপে বর্তমানে উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তীব্র অবস্থায় বিরাজ করছে।

এই সংবাদটি 538 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ