ঢাকা |
প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে মূল বেতনের শতভাগ ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল মঙ্গলবার এক পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় শ্রমিকরা ব্যাপক ভাংচুর, সড়ক অবরোধ, কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলী ও টিয়ারসেল ছুড়েছে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকাস্থিত কোজিমা লিরিক গার্মেন্ট ফ্যাশন লিঃ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এবারের রমানের ঈদে ৫০ ভাগ পরে ৭০ ভাগ ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট শতকরা দশভাগ থেকে পাঁচভাগ কমিয়ে দেয়। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাস এবং শতকরা দশভাগ হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে না নেয়ায় আন্দোলনরত শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরের বিরতি শুরু হলে শ্রমিকরা কারখানা গেইটে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠি চার্জ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় তারা কারখানার ভেতরে হামলা চালিয়ে মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর ও তছনছ করে। একপর্যায়ে পুলিশ কারখানার ভেতরে ও বাইরে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলী ও টিয়ারসেল ছুড়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চার পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলীবিদ্ধসহ আহত ৬ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ এদিন কারখানা ছুটি ঘোষণা করেছে।
কারখানার ম্যানেজার অপূর্ব লাল হাওলাদার জানান, ইতঃপূর্বে রমযানের ঈদে শ্রমিকদের ৭০ ভাগ ঈদ বোনাস পরিশোধ করা হলেও এবার শ্রমিকরা তা মেনে নেয়নি। তাদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আরো দশ ভাগ বাড়িয়ে এবারের রমযানের ঈদ বোনাস ৮০ ভাগ করার ঘোষণা দেয়ার পরও শ্রমিকরা অযৌক্তিভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর হতে শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর)’র সিনিয়র সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম জানান, মূল বেতনের শতভাগ ঈদ বোনাসসহ হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে শ্রমিকরা গতকাল মঙ্গলবার দুপুরে কর্মবিরতি, বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধ করে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ প্রথমে মূল বেতনের ৫০ ভাগ ও পরে ৭০ ভাগ ঈদ বোনাস প্রদানের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মেনে নেয়নি। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানাসহ ভাংচুর ও সড়ক অবরোধ এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলী ও টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।