সাড়ে ১১ হাজার কর্মচারীর বেতন দ্বিগুণ করা হয়েছে ১০ মাসে পিডিবির লোকসান ৬ হাজার ২৩৩ কোটি ৪৯ লাখ টাকা

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৬

কামাল উদ্দিন সুমন : বিদ্যুৎ খাতে অব্যাহত লোকসান, তবুও বেতন বাড়ানো হয়েছে এ খাতের ১১ হাজার ৫৩৩ কর্মকর্তা-কর্মচারীর। শুধু তাই নয়, বেতন বেড়েছে দ্বিগুণ হারে। চলতি বছরের জানুয়ারি থেকে বাড়তি টাকা দিতে হবে এ খাতের লোকজনকে। বাড়তি টাকা দেয়ার মাধ্যমে মূলত বিদ্যুৎ খাতের কর্মীদের খুশি রাখতে চাইছে মন্ত্রণালয়। এ টাকা কোথা থেকে আসবে তা নিয়ে সমালোচনা করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিইআরসিতে প্রস্তাব পাঠিয়েছে সংশ্লিষ্টরা। এর আগেও বার বার বিদ্যুতের দাম বাড়নোর মাধ্যমে জনগণের পকেট কেটেছে সরকার।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকার বার বার জনগণের পকেট কাটছে। বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। বর্ধিত টাকা দিয়েও কাক্সিক্ষত সেবা পায় না বিদ্যুৎ গ্রাহকরা। বরং লোডশেডিংয়ের ভোগান্তি লেগেই থাকে। এখন আবার বিদ্যুৎ খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এটাকা জনগণের পকেট থেকেই কাটবে বলে তারা মনে করেন।
অর্থনৈতিক সমীক্ষার এক পরিসংখ্যানে দেখা গেছে, অব্যাহতভাবে লোকসান গুনছে দেশের বিদ্যুৎ খাতের নেতৃত্বদানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা পিডিবি। প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ বেড়েই চলছে প্রতিবছর। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল পর্যন্ত) পিডিবির ৬ হাজার ২৩৩ কোটি ৪৯ লাখ টাকা লোকসান হয়েছে। অর্থবছর শেষে এ লোকসান সাড়ে ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ২০০৯-১০ অর্থবছরে পিডিবির লোকসান ছিল ৬৩৫ কোটি ৭৬ লাখ টাকা। এর পরের অর্থবছরই লোকসান অস্বাভাবিক বেড়ে যায়। ২০১০-১১ অর্থবছরে পিডিবি লোকসান করে ৪ হাজার ৫৮৭ কোটি টাকা। পরের অর্থবছর লোকসান আরো বেড়ে হয় ৬ হাজার ৩৫৯ কোটি ৮৬ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে লোকসান আগের অর্থবছরের পিডিবির লোকসানের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ২৬ কোটি ১১ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছর তা আবারো বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮০৬ কোটি ৫৩ লাখ টাকায়। সব মিলিয়ে গত ছয় বছরে প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৯০ কোটি টাকা।
সূত্র জানায়, নতুন কাঠামোতে সর্বোচ্চ এক লাখ ৭৫ হাজার টাকা এবং সর্বনিন্ম বেতন ১৫ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়া প্রতিবছর চার শতাংশ করে বেতন বাড়বে। মন্ত্রণালয়ে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো ২০১৫ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। উৎপাদন, বিতরণ ও সঞ্চালন সকল কোম্পানির জন্য নতুন বেতন নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন উৎপাদন, বিতরণ ও সঞ্চালনে ১০ কোম্পানিতে মোট ১১ হাজার ৫৩৩ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। এর মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে দুই হাজার ৪১৭ জন, ছয়টি উৎপাদন কোম্পানিতে এক হাজার ৬৯৯ জন এবং তিনটি বিতরণ কোম্পানি ডেসকো, ডিপিডিসি ও ওজোপাডিকোতে সাত হাজার ৪১৭ জন কাজ করছেন।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ও সঞ্চালন কোম্পানিগুলো বর্তমানে গ্রেড-১ বা ব্যবস্থাপনা পরিচালকদের বেতন আছে এক লাখ টাকা। এটি বাড়িয়ে এক লাখ ৭৫ টাকা করা হয়েছে। গ্রেড-২ এ ৮০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩ এ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৪ হাজার টাকা, গ্রেড-৪ এ ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৮ হাজার টাকা, গ্রেড-৫ এ ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৯ হাজার টাকা, গ্রেড-৫ এ ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার টাকা, গ্রেড-৬ এ ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫১ হাজার টাকা, গ্রেড-৭ এ ২৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা, গ্রেড-৮ এ ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৭ হাজার টাকা, গ্রেড-৯ এ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ হাজার টাকা, গ্রেড-১০ এ ১৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা, গ্রেড-১১ এ ১৪ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, গ্রেড-১২ এ ১৩ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪ এ ১৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার টাকা, গ্রেড-১৫ এ ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, গ্রেড-১৬ এ ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা, গ্রেড-১৭ এ নয় হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা, গ্রেড-১৮ এ ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা, গ্রেড-১৯ এ আট হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০ এ সাত হাজার ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার টাকা করা হয়েছে।
বিতরণ কোম্পানির জন্য ১৬টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের বেতন করা হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। যা আগে ছিল এক লাখ টাকা। এরপর পর্যায়ক্রমে বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার, এক লাখ ৪০ হাজার, ৯৮ হাজার, ৭৯ হাজার, ৬১ হাজার, ৫১ হাজার, ৩৯ হাজার, ৩২ হাজার, ২৭ হাজার, ২৫ হাজার, ২৪ হাজার, ২৩ হাজার, ১৮ হাজার, ১৭ হাজার এবং ১৬তম গ্রেডে বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।
বিদ্যুৎও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নতুন এই বেতন কাঠামোর কারণে কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বাড়বে। যে সব গ্রেডে বেতন নিয়ে সমস্যা আছে তা পর্যালোচনা করে ঠিক করা হবে। অভিন্ন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। কিন্তু বাস্তবায়ন করা যাচ্ছিল না।

এই সংবাদটি 987 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ